এবার ‘টি-টোয়েন্টির’ কুক!
‘কুক যেভাবে খেলছেন, স্টুয়ার্ট ব্রডের তো চিন্তায় পড়ে যাওয়ার কথা’—ধারাভাষ্যকক্ষে বসে পরশু নাসের হুসেইনের রসিকতা। ব্যাটিংয়ের ধরনটা মানানসই নয় বলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অপাঙেক্তয় অ্যালিস্টার কুক। টি-টোয়েন্টির অধিনায়ক ব্রড। কিন্তু পরশু কুক যেভাবে ব্যাটিং করলেন, হুসেইনের রসিকতাটাকে সম্ভাব্য বাস্তবতাও মনে হতে পারে অনেকের। টি-টোয়েন্টিও তো খেলতে পারেন কুক!বৃষ্টি-বাধায় প্রথম ওয়ানডে হতে পারেনি। ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতেও ছিল বৃষ্টির হানা। সাউদাম্পটনে ৫০ ওভারের ম্যাচ তাই হয়ে যায় প্রায় টি-টোয়েন্টিই (২৩ ওভারের)। টস হেরে ব্যাট করতে নেমে ১৮৭ রানের বেশ হূষ্টপুষ্ট সংগ্রহই গড়েছিল ভারত। কিন্তু কুকের ৬৩ বলে অপরাজিত ৮০ রানের ইনিংসে সেটিও অনায়াসে টপকে গেছে ইংল্যান্ড, ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে ১-০-তে। টেস্ট, টি-টোয়েন্টির পর এল ওয়ানডে সিরিজ—দুঃস্বপ্নের সফরে জয় সেই অধরাই হয়ে রইল ভারতের কাছে।রান-বলের অনুপাতের কারণেই শুধু নন, কুক সবাইকে চমকে দিয়েছেন আসলে ব্যাটিংয়ের ধরনে। ইনিংসে মাত্র ৫টি চার ও ১টি ছয়। কিন্তু স্কুপ, রিভার্স সুইপসহ এমন কিছু শট খেলেছেন, এত দিন তাঁর শটের তালিকায় যেসব ছিল নিষিদ্ধ। ঝড়ের শুরুটা অবশ্য করেছিলেন ক্রেইগ কিসওয়েটার। উইকেটকিপার-ব্যাটসম্যানের ২৫ বলে ৪৬ রানের ঝড়ে ৬ ওভারেই ৬৫ তুলে ফেলে ইংল্যান্ড। তিনে নেমে ছোট্ট একটা ঝোড়ো ইনিংস খেলেন ইয়ান বেল (১৬ বলে ২৫), বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন রবি বোপারাও (২০ বলে ২৪)। ৩৭ বলে ফিফটির পথে ৩৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ছক্কাটি মেরেছেন কুক, অশ্বিনকে পুল করে মিড উইকেট দিয়ে। প্রথম ছয়টি ছিল ২৫তম ম্যাচে। গত বছরের মার্চে ঢাকায় বাংলাদেশের মাহমুদউল্লাহকে, ওই মিড উইকেটের ওপর দিয়েই।ভারতের ইনিংসের পর কিন্তু মনে হচ্ছিল প্রথম জয়টা ধরা দিতেও পারে ধোনিদের। ৩০ রানের উদ্বোধনী জুটিতে একাই ২৮ (১৮ বলে) করেন পার্থিব প্যাটেল। টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডের পর আরও একবার দারুণ সব শট খেলে মুগ্ধতা ছড়ান অজিঙ্কা রাহানে (৪৭ বলে ৫৪)। রাহুল দ্রাবিড়ের (৩১ বলে ৩২) সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৯। শেষ দিকে সুরেশ রায়নার ১৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে জয়ের স্বপ্নই দেখিয়েছিল। কিন্তু এই ইংল্যান্ড যে কোনো স্কোরকেই অজেয় মনে করে না! পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামীকাল। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২৩ ওভারে ১৮৭/৮ (প্যাটেল ২৮, রাহানে ৫৪, দ্রাবিড় ৩২, কোহলি ৯, রায়না ৪০, ধোনি ৬, তিওয়ারি ১১, অশ্বিন ১, প্রাভিন ০*, সোয়ান ৩/৩৩, ব্রেসনান ৩/৪৩, অ্যান্ডারসন ১/১১), ইংল্যান্ড: ২২.১ ওভারে ১৮৮/৩ (কুক ৮০*, কিসওয়েটার ৪৬, বেল ২৫, বোপারা ২৪, প্যাটেল ৯*, অশ্বিন ২/৪২, বিনয় ১/৩৩)। ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: অ্যালিস্টার কুক।