এবার ‘দশম’ চায়ই রিয়াল
অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষার প্রহর শেষই হতে চায় না রিয়াল মাদ্রিদের। দেখতে দেখতে কেটে গেছে নয়-নয়টি মৌসুম। চ্যাম্পিয়নস লিগে দশম শিরোপা আর জয় করা হয় না।নবমবারের মতো রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০০১-০২ মৌসুমে। গ্লাসগোতে জিনেদিন জিদানের দারুণ এক গোলে বেয়ার লেভারকুসেনকে হারিয়েছিল তারা। পরের মৌসুমে উঠেছিল সেমিফাইনালে, ২০০৩-০৪ মৌসুমে কোয়ার্টার ফাইনালে। তারপর টানা ৬ মৌসুম কোয়ার্টার ফাইনালেও ওঠা হয়নি, শেষ ষোলো থেকেই বিদায়।সর্বশেষ জেতা চ্যাম্পিয়নস লিগ ট্রফিটায় ধুলোর আস্তরণ। প্রতীক্ষার প্রহর আর ফুরোচ্ছে না। ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আর ইন্টার মিলান থেকে আনা হয়েছে কোচ হোসে মরিনহোকে। এই পর্তুগিজ জুটি গত মৌসুমে রিয়ালকে সেমিফাইনালে তুললেও শিরোপা দিতে পারেননি। এবারও আশার বীজ বুনেছে রিয়াল মাদ্রিদ। দশম শিরোপার জন্য ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রীতিমতো আকুল। দুই দিন আগে বোর্ড সভায় পেরেজ বলেছেন, ‘দুই মৌসুম আগে আমরা তো কোয়ার্টার ফাইনালেও খেলতে পারিনি। গত মৌসুমে সেমিফাইনালে পৌঁছেছি। এই ক্লাব সব সময়েই জিততে চায়। দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়কে খুব শিগগির বাস্তবতা দিতে চাই আমরা।’ এএফপি।