এবার 'নকআউটের' শঙ্কায়

‘কেন যে বক্সার হতে গেলাম!’ বছর পাঁচেক আগে এসএ গেমসে সোনাজয়ী আবদুর রহিমের এই দীর্ঘশ্বাস এখন নিত্যসঙ্গী। বিকেএসপির সহপাঠী এমিলি, মামুনুলরা জাতীয় ফুটবল দলের তারকা। বন্ধুদের দেখে রহিমের মনে হয়, হয়তো ভুল পথটাই বেছে নিয়েছিলেন।
একই আসরে ব্রোঞ্জজয়ী মশিউর রহমান কাজলেরও আফসোস, বক্সার না হয়ে ক্রিকেটার হওয়ার চেষ্টা করলেও তো পারতেন। তিনিও যে চোখের সামনে দেখেছেন বিকেএসপির সহপাঠী সাকিব, শাহাদাতদের তারকা বনে যাওয়া।
বিকেএসপির ফুটবলার-ক্রিকেটার বন্ধুরা যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, রহিম-কাজলদের তখন বক্সিং রিংয়ে নামার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। আরেকটি এসএ গেমস কড়া নাড়ছে। অথচ নিজেদের প্রস্তুতি নিয়ে তাঁরা রয়েছেন ঘোর অন্ধকারে।
বক্সাররা সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেছেন গত বছর এপ্রিলে। এরপর গত বছর জুলাইয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমসে তাঁদের শেষবারের মতো রিংয়ে নামা। লম্বা বিরতি শেষে ২ আগস্ট মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হয়েছে ১২তম এসএ গেমসের প্রস্তুতি। তবে প্রায় সাড়ে পাঁচ বছর আগে ঢাকা এসএ গেমসে সোনাজয়ী রহিম ও জুয়েল আহমেদকে মোটেও আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। শ্রীলঙ্কার বক্সার শিশিরে কুমারাসিংহেকে ৬৪ কেজি ওজন শ্রেণিতে হারিয়ে সোনা জিতেছিলেন সেনাবাহিনীর রহিম। আর বাংলাদেশ আনসারের জুয়েল ৬০ কেজিতে সোনা জেতেন নেপালের অজিত গুরুংকে হারিয়ে।
‘এবার কি সোনা ধরে রাখতে পারবেন’—প্রশ্নটা শুনতেই মুখটা শুকিয়ে গেল রহিমের। হতাশা মেশানো কণ্ঠে জানালেন, ‘জানি না। গতবারের মতো অনুশীলনের সুযোগ পেলে হয়তো আগেভাগেই বলতে পারতাম।’
গত গেমসের আগে বছরজুড়ে অনুশীলনের পাশাপাশি বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে ইতালিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের বক্সাররা। সেখান থেকে ফিরে দুই মাস থাইল্যান্ডে প্রশিক্ষণ নেন। দেশে ফেরার পর অনুশীলনেও ছিলেন থাই কোচ। এরই ফল মিলেছিল সেই আসরে। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন।
সেনাবাহিনীর চাকরির সুবাদে রহিম জাতিসংঘ মিশনে কঙ্গো গিয়েছিলেন ২০১১ সালে। এ জন্য এক বছর বক্সিং রিংয়েই নামা হয়নি। মাঝেমধ্যে এক বেলা সামান্য অনুশীলনের সুযোগ পেতেন। ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত খেলার সুযোগ নেই। তার ওপর পিঠের একটা ব্যথা গত বেশ কিছুদিন ভালোই ভোগাচ্ছে।
পাকিস্তানি বক্সার বন্ধু মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে প্রায়ই কথা হয় রহিমের। কমনওয়েলথে রুপাজয়ী এই বক্সার প্রায় সারা বছরই বিদেশে প্রশিক্ষণ নেন। যা জেনে রহিমের আক্ষেপ জাগে মনে, ‘এবার মাত্র ছয় মাস আগে শুরু করেছি প্রস্তুতি। আমাদের কোনো বিদেশি কোচ নেই। বিদেশে গিয়ে অনুশীলন করার সুযোগ পাব কি না, তাও জানি না।’
জুয়েলের কণ্ঠেও হতাশারই অনুরণন, ‘ফেডারেশন থেকে প্রস্তুতি নিয়ে আশাব্যঞ্জক কিছু শুনিনি এখন পর্যন্ত। জানি না কতটা কী করতে পারব!’