এবার ‘বোমা’ ফাটালেন অমরনাথ
মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দেওয়ার সাহস ভারতীয় বোর্ডের নেই। গত পরশু এই মন্তব্য করেছিলেন মহিন্দার অমরনাথ। আজ বুধবার ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য বললেন, নির্বাচকেরা চাইলেও বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের হস্তক্ষেপের কারণে অধিনায়কত্ব থেকে সরানো যায়নি ধোনিকে।অমরনাথের দাবি, বিদেশের মাটিতে ভারতীয় দল টানা আটটি টেস্টে হেরে যাওয়ার পর পাঁচ নির্বাচকের সবাই ধোনিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। তবে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপের কারণে ধোনিকে সরানো সম্ভব হয়নি। ‘এটা ছিল সর্বসম্মত সিদ্ধান্ত। পাঁচ নির্বাচকের সবাই ধোনিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। তবে বোর্ড প্রেসিডেন্ট (এন শ্রীনিবাসন) ওই সর্বসম্মত সিদ্ধান্তের অনুমোদন দেননি।’ আজ একটি নিউজ টেলিভিশনকে বলেছেন সাবেক নির্বাচক অমরনাথ।ধোনিকে সরানোর ব্যাপারে একমত হওয়া নির্বাচকদের মধ্যে অমরনাথও ছিলেন। অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ার পর নির্বাচকেরা ধোনিকে সরানোর উদ্যোগ নিয়েছিলেন জানিয়ে অমরনাথ বলেন, ‘ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল নির্বাচন করেছিলাম আমরা। কিন্তু অধিনায়ক নির্বাচন করিনি। অন্য কেউ অধিনায়ক নির্বাচন করেছিলেন।’ শ্রীনিবাসন সুনির্দিষ্ট কী কারণ দেখিয়ে নির্বাচকদের মতামত গ্রহণ করেননি, এ প্রশ্নে অমরনাথের জবাব, ‘যখন আপনি কাউকে শ্রদ্ধা করবেন, তাঁকে প্রশ্ন করতে পারবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে নির্বাচকেরা ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, তাঁদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন?’নতুন নির্বাচক কমিটি গঠনের সময় প্রধান নির্বাচক হওয়ার কথা ছিল অমরনাথের। কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের কারণে নির্বাচকের দায়িত্ব থেকেই সরিয়ে দেওয়া হয় তাঁকে।গতকাল অমরনাথ দাবি করেছিলেন, শুধু অধিনায়কত্ব থেকে নয়, একেবারে দল থেকেই সরিয়ে দেওয়া উচিত ধোনিকে। গত এক বছরের পারফরম্যান্স অনুযায়ী দলে থাকার অবস্থায় ধোনি নেই।অমরনাথ যে ধোনির বিরুদ্ধে নন, এটাও স্পষ্ট করেছিলেন তিনি, ‘আমি ধোনির বিরুদ্ধে নই। এটা এমন নয় যে আমি ওকে পছন্দ করি না। তবে আমাদের বৃহত্তর প্রেক্ষাপট সামনে রেখে ভাবতে হবে। অতীত পারফরম্যান্সের বদলে বর্তমান পারফরম্যান্স দিয়ে কোনো ক্রিকেটারকে মূল্যায়ন করতে হবে।’