এবার ‘ভয়ংকর সুন্দর’ টেন্ডুলকার!
প্রথমে বলা হয়েছিল, সরাসরি সম্প্রচার না করা হলেই কেবল তিনি আসবেন সংবাদ সম্মেলনে। শর্ত মানার কারণ ছিল না, সংবাদমাধ্যম তাঁকে কাছাকাছি পায় না কত দিন! তিনি এলেন এবং সবাইকে অবাক করে সরাসরি সম্প্রচারের অনুমতিও দিলেন। শুধু পরশুর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেই নয়, গণমাধ্যমের মুখোমুখি হলেন গতকালও। পরশু ভারতের বাজেট ঘোষণা ছিল বলে শততম সেঞ্চুরিকে ‘যথাযোগ্য সম্মান’ দেওয়া যায়নি। তাই আরেকটি সুযোগ তো দরকার!অনেক দিন ধরেই যাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না, তিনিই ধরা দিলেন পরপর দুই দিন। এ ঘটনাই শুধু নয়, সংবাদ সম্মেলনে তাঁর চোখ-মুখ, তাঁর প্রতিক্রিয়া, কথা বলার ভঙ্গি, সবকিছুতেই ছড়িয়ে ছিল স্বস্তি। এই সেঞ্চুরি-খরার এতটাই চাপ ছিল যে দলের বিব্রতকর হারের অস্বস্তিকেও যেন কখনো কখনো ছাপিয়ে গেল নিজের স্বস্তি। শচীন টেন্ডুলকার এখন এতটাই নির্ভার!ভার কতটা কমেছে, নিও ক্রিকেটে রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে কৌতুকভরে সেটার পরিমাপও করলেন টেন্ডুলকার, ‘৫০ কেজির মতো!’ যতটা বলেছেন, বোঝাটা ছিল আসলে এর চেয়েও অনেক ভারী। অর্জনের বিশালত্ব, সংবাদমাধ্যমের মাতামাতি, মানুষের আগ্রহ, প্রতিটি ম্যাচের আগেই আশার বেলুন ফোলানো আর বারবার হতাশা—২২ বছর ধরে শত কোটি মানুষের প্রত্যাশা বয়ে বেড়ানো কাঁধ দুটোও নুয়ে পড়েছিল এই ভার সইতে না পেরে। পরশু স্বীকারও করলেন, কখনো কখনো ঘিরে ধরেছে হতাশা। ‘বৃহত্তর স্বার্থে’ পরশু তাই যেন আপস করলেন নিজের সঙ্গে, স্বভাববিরুদ্ধ খেলে বহু আরাধ্য সেঞ্চুরিটি ছুঁলেন ১৩৮ বলে। ওয়ানডেতে তাঁর মন্থরতম সেঞ্চুরি! অনন্তকাল মনে রাখার মতো কীর্তি ছুঁলেন ভুলে যাওয়ার মতো এক ইনিংস খেলে, পরে দলের পরাজয় মুহূর্তটাকে করেছে আরও বিবর্ণ, কিন্তু চেপে বসা সিন্দবাদের ভূতটাকে কাঁধ থেকে নামাতে নিজের সঙ্গে এই আপসেরও হয়তো প্রয়োজন ছিল! একান্ত বোঝাপড়ায় হয়তো ‘ক্ষমা’ করে দেবেন নিজেকে, ‘বেনিফিট অব ডাউট’ পাবেন ভক্তকুলের কাছ থেকে। বিশেষ সেঞ্চুরিটা তিনি উৎসর্গ করেছেন বড় ভাইকে, ‘সেঞ্চুরিটা আমি উৎসর্গ করেছি বড় ভাই অজিত টেন্ডুলকারকে। আমার কাছে বাবার পরই তাঁর স্থান। আমার ক্যারিয়ার এগিয়ে নিতে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন তিনি।’কিন্তু এরপর? নির্ভার টেন্ডুলকারের কাছে প্রত্যাশা মুক্তবিহঙ্গ হয়ে ওঠার। প্রত্যাশার চাপ তাঁর ভারী ব্যাটটার ওজন বাড়িয়ে দিয়েছিল বহু গুণে, আজ আবারো সেই ব্যাটকে হালকা মনে হওয়ার কথা। ক্ষেত্র-পরিস্থিতি সবই প্রস্তুত। প্রতিপক্ষ আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াও প্রায় নিশ্চিত, নিজেকে জাগিয়ে তোলার জন্য তো এটুকুই যথেষ্ট। পাকিস্তানের বিপক্ষে তাঁর রেকর্ড এমনিতে মাঝারি, ৬৮ ম্যাচে ৩৯.৯০ গড়ে ২৪৭৪ রান। কিন্তু তাঁর ক্যারিয়ারে সম্ভবত সেরা ওয়ানডে ইনিংসটা এই পাকিস্তানের বিপক্ষেই, ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে শোয়েব-ওয়াকারদের ছাতু বানিয়ে ৭৫ বলে ৯৮! ১৯৯৮ সালে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে ভারতের সেই স্মরণীয় রান তাড়ায় সৌরভ-রবিন সিংদের ব্যাটিং মনে রেখেছেন সবাই, কিন্তু ২৬ বলে ৪১ করে ধ্বংসযজ্ঞের শুরুটা হয়েছিল তো টেন্ডুলকারের হাতেই! ‘মুক্ত’ টেন্ডুলকারকে আজ হয়তো দেখা যাবে সেই রূপেই।তবে আজকের ম্যাচ তো উপলক্ষ মাত্র। আজ থেকেই আবার হয়তো দেখা যাবে সেই বাঁধনহারা, ভয়ংকর সুন্দর টেন্ডুলকারকে। ‘যত দিন উপভোগ করছি খেলে যাব’, বলছেন বারবার। সেই উপভোগের প্রমাণটা এখন থেকেই দিতে শুরু করবে তাঁর ব্যাট।