এবার ‘মাঠের দোষে’ স্থগিত লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ পড়েছে এখন মাঠের! মাঠ কেন ভেজা? আর সেজন্য আজও শুরু হচ্ছে না সুপার লিগের বাকি ম্যাচগুলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও স্থগিত লিগ। মাঠ যে খেলার অনুপযুক্ত সেটা অবশ্য কিউরেটর-গ্রাউন্ডসম্যানরা বোর্ডকে নিজ থেকে জানাননি। বোর্ড থেকেই নাকি আগ্রহ নিয়ে জানতে চাওয়া হয়েছে, মাঠ খেলার ‘অনুপযুক্ত’ কি না।গত দু্ই দিনের বৃষ্টিতে বিকেএসপি আর ফতুল্লার মাঠে খেলা আজ কঠিন হলেও হতে পারত। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের অর্ধেক বৃষ্টি হলেও বাকি অর্ধেক সময় খেলা সম্ভব। আর মাঠের অবস্থা যা-ই হোক, ম্যাচের আগের রাতেই ‘মাঠ অনুপযুক্ত’ ঘোষণা দিয়ে খেলা পিছিয়ে দেওয়া ইতিহাসের বিরল ঘটনা। সবাই দেখেছে, গত দুই দিনের বৃষ্টি সেই মাত্রার হয়নি। বৃষ্টি যা হয়েছে তাতে ম্যাচের দিন সকালে দুই দল মাঠে আসতে পারত। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিতেন খেলা হবে কি না। কিন্তু ক্লাব-পরাশক্তিদের কাছে সবই জলাঞ্জলি দেওয়া বিসিবির কাছে ক্রিকেটের নিয়মনীতির ‘থোড়াই কেয়ার’!এ সিদ্ধান্তের আগে আজ থেকে লিগ শুরু হবে জানিয়ে কাল সুপার লিগের ছয় ক্লাবকে চিঠি দিয়েছিল সিসিডিএম। সন্ধ্যা পর্যন্ত সিসিডিএমের প্রিমিয়ার লিগ সমন্বয়ক কাজী আইনুল ইসলামও বলে গেলেন, ‘আবাহনী-মোহামেডান আসুক না-আসুক কাল (আজ) লিগ শুরু হবেই।’ রাতে আবার তিনিই জানালেন, ‘কিউরেটররা বলেছেন, মাঠ খেলার অনুপযুক্ত। কাল (আজ) তাই খেলা হবে না।’ এর আগে বিকেলে সিসিডিএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হানিফ ভূঁইয়া বলেছিলেন, ‘আমরা খেলার জন্য প্রস্তুত।’সিসিডিএমের মতো প্রস্তুত ছিল ওল্ড ডিওএইচএস, ভিক্টোরিয়া ও গাজী ট্যাংক ক্রিকেটার্সও। সন্ধ্যায় এই তিন দলের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছিল, বিসিবি যেহেতু লিগ বন্ধের চিঠি দেয়নি, তারা আজ খেলতে মাঠে যাবে। এ সময় পর্যন্ত প্রস্তুত ছিল না কেবল পয়েন্ট টেবিলের চতুর্থ ও ষষ্ঠ স্থানে থাকা ‘বড় দল’ আবাহনী ও মোহামেডান। দুই দলই চিঠি দিয়ে বোর্ডকে জানায়, দাবি না মানলে তারা খেলতে অপারগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও ছিল একই সিদ্ধান্ত।মাঠ আসলে একটা অজুহাত। আসলে আবাহনী-মোহামেডানের ইচ্ছার কাছে হার মেনেছে বিসিবি। দুই দলেরই দাবি, মোহাম্মদ ইউসুফের নিবন্ধন ত্রুটিপূর্ণ হলে শাস্তি দিতে হবে ভিক্টোরিয়াকে। একদিকে ত্রুটিপূর্ণ নিবন্ধনের কারণে ইউসুফকে খেলতে দেওয়া হবে না অন্যদিকে শাস্তি পাবে না ভিক্টোরিয়া, পয়েন্টবঞ্চিত হবে আবাহনী, এসব তাঁরা মানেন না। আবাহনীর ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক আই এইচ মল্লিক তো এমনও বলেছিলেন, ‘কাল (আজ) আমাদের চেয়ারম্যান সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসে অন্য ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। দু-এক দিনের মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে আমরা একটা সংবাদ সম্মেলনও করতে পারি।’ ধারণা করা হচ্ছে, হয়তো আবাহনীর ক্রিকেট কমিটি প্রধানের দেশে ফেরার অপেক্ষাই করছে সুপার লিগ।আগের সিদ্ধান্তে অটল ছিল মোহামেডানও। কাল বিকেলে ক্লাবের ক্রিকেট কমিটির প্রধান খন্দকার জামিলউদ্দিন বলেছিলেন, ‘বিসিবিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমরা খেলব না। তাদের সিদ্ধান্ত সাংঘর্ষিক। আমাদের বিপক্ষে ওয়াকওভার দিলে সেটাও আমরা মানব না।’এখন আর মানা না-মানার ব্যাপার নেই। আবাহনী-মোহামেডানকে শ্রদ্ধা জানানো হলোই!