এবার ‘মাত্র’ ২ ঘণ্টা ৩ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উইম্বলডন, আবারও ড্রতে জন ইসনারের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ নিকোলাস মাহুত। অনেক প্রতীক্ষিত এই ম্যাচে যুক্তরাষ্ট্রের ইসনারই জয়ী। কিন্তু এবার জিততে ৯ ঘণ্টা কম সময় লেগেছে তাঁর! পুনরাবৃত্তি হলো না গতবারের সেই ইতিহাস। ইসনার জিতেছেন ৭-৬ (৭/৪), ৬-২, ৭-৬ (৮/৬) গেমে। দুটি সেট গেছে টাইব্রেকারে। কিন্তু ২ ঘণ্টা ৩ মিনিটের লড়াই ১১ ঘণ্টা ৫ মিনিটের সেই লড়াইয়ের প্রায় কিছুই বোঝাতে পারে না!গত বছরের উইম্বলডনে টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচটি খেলেছিলেন এই দুজনই। মহাকাব্যিক লড়াইটা চলেছিল তিন দিন ধরে। ফলাফল নির্ধারণী পঞ্চম সেটের পয়েন্ট ছিল অবিশ্বাস্য, ৭০-৬৮! সেই ম্যাচের তুলনায় তো পরশুর ম্যাচটি অবশ্যই ম্যাড়মেড়ে।অল্পতেই ম্যাচ শেষ করতে পেরে হাঁফ ছেড়েছেন বিশ্বের ৪৭তম খেলোয়াড় ইসনার, ‘তৃতীয় সেটটি জিততে পেরে আমি সত্যিই খুশি। কারণ, এটা হারলে ম্যাচটি মনে হয় আজ শেষ হতো না এবং দ্বিতীয় দিনে গড়াত।’ গতবার সেই ম্যারাথন লড়াইয়ের পর দ্বিতীয় রাউন্ডে মাত্র ৭৪ মিনিটেই হেরে গিয়েছিলেন ক্লান্ত অবসন্ন মার্কিন খেলোয়াড়।কাল মহিলা এককে দারুণ একটা লড়াই উপহার দিলেন ভেনাস উইলিয়ামস ও কিমিকো দাতে। প্রায় ৩ ঘণ্টা লড়ার পর হার মেনেছেন ৪০ বছর বয়সী কিমিকো দাতে। ৩১ বছর বয়সী ভেনাস উইলিয়ামসের কাছে তাঁর পরাজয় ৭-৬ (৮/৬), ৩-৬, ৬-৮ গেমে।তৃতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও। যুক্তরাষ্ট্রের রায়ান সুইটিংয়ের বিপক্ষে জয়টি এসেছে সহজেই ৬-৩, ৬-৪, ৬-২ গেমে। রয়টার্স, এএফপি।