এবারই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগ
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেটের কথা অনেক দিন ধরেই বলে আসছিলেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। কাল বোর্ড সভা শেষের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিলেন সেটা শুরুর, ‘আগামী ১৪ অক্টোবর থেকে শুরু এবারের জাতীয় লিগ হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক।’ফ্র্যাঞ্চাইজিভিত্তিক, কিন্তু জাতীয় লিগের আট দলের ফ্র্যাঞ্চাইজি কারা সেটি এখনো ঠিক হয়নি। দু-একটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলেও সবই আছে প্রাথমিক পর্যায়ে। বোর্ড সভাপতি তবু আশাবাদী, ‘আমরা আশাবাদী ফ্র্যাঞ্চাইজি পাব। যদি সব দলের জন্য নাও পাই, যে দুই-একটা পাব সেগুলো দিয়েই শুরু করে দেব। অন্য দলগুলো আগের মতো খেলবে।’ জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি হিসেবে বেসরকারি ব্যাংকগুলোকে পাওয়ার আশা করছে বিসিবি।কিন্তু তাড়াহুড়া করে শুরু করে বিপিএল নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেটেরও যদি সেই ‘অপরিণত শিশু’র মতোই অবস্থা হয়? মুস্তফা কামাল অভয় দিলেন, ‘বিপিএলে কিছু ভুল হয়েছে, সেটা আমরা স্বীকার করি। এখানে যাতে সেই ভুলগুলো না হয়, আমরা সে ব্যাপারে সতর্ক থাকব। আসলে শুরু না করে দিলে কিছুই হবে না।’নতুন আদলের এই জাতীয় লিগের ম্যাচ হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে দিবারাত্রির, খেলা হবে গোলাপি বলে। ‘গোলাপি বলে খেলার ব্যাপারে আরও আগেই আইসিসির সঙ্গে আমাদের কথা হয়েছে’—বলেছেন সভাপতি।লিগের আট দলের সমন্বয়ক হিসেবে স্ব-স্ব বিভাগের আটজন সাবেক ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হবে। এক দলে কজন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন, আগামী তিন দিনের মধ্যে সে সিদ্ধান্ত নেবে টুর্নামেন্ট কমিটি।প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে আলোচনা অবশ্য শুরুতে ছিল না সভার আলোচ্যসূচিতে। আলোচ্যসূচিতে শেষ পর্যন্ত ১৭টি বিষয় অন্তর্ভুক্ত হলেও শুরুতে ছিল কেবল টেলিভিশন সম্প্রচার-স্বত্ব নিয়ে আলোচনা। নিম্বাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সম্প্রচার-স্বত্বের জন্য নতুন করে আন্তর্জাতিক বিজ্ঞাপন দিয়েছিল বোর্ড। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দরপত্র জমা পড়েছে কেবল একটি। বোর্ডের ধারণা, দরপত্রে থাকা একটি কঠিন শর্তের কারণেই অনেকে আগ্রহ প্রকাশ করেনি। সভায় সে শর্ত শিথিল করা হয়েছে। আগের শর্ত ছিল, আবেদনকারীদের সম্প্রচার এবং বিপণন দুই ক্ষেত্রেই ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। এখন যেকোনো একটিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশ যুবদলকে অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য দলের অধিনায়ক আনামুল হক ও পেসার তাসকিন আহমেদ পাবেন দুই লাখ টাকা করে, বাকিরা পাবেন এক লাখ টাকা করে। এ ছাড়া আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হবে জাতীয় দলকেও।