এবারই শেষ ওয়ার্নের
বয়স ৪২ বছর চলছে। তাঁর চেয়ে বয়সে ছোট এমন অনেকেই এখন ধারাভাষ্যকক্ষে। কিন্তু শেন ওয়ার্ন এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১১টি), দ্বিতীয় সর্বোচ্চের সঙ্গেও ব্যবধান মাত্র এক উইকেটের। মাঝেমধ্যে এখনো রাজস্থান রয়্যালস অধিনায়কের কবজির মোচড় থেকে সৃষ্টি হয় টেন্ডুলকারের মাপের ব্যাটসম্যানদের জন্য দুর্বোধ্য ধাঁধা।‘চিরতরুণ’ ওয়ার্নকে অবশ্য আর বেশি দিন ক্রিকেট মাঠে দেখা যাবে না। এ মৌসুমের আইপিএল শেষেই ক্রিকেটকেই বিদায় জানাবেন সর্বকালের সফলতম লেগ স্পিনার। টুইটারে ওয়ার্ন নিজেই জানিয়ে দিয়েছেন এই তথ্য, ‘হ্যাঁ, এটাই আমার শেষ আইপিএল। আমি খুবই মিস করব। গত চারটি মৌসুম ছিল আমার জন্য দারুণ উপভোগ্য। দারুণ সময় কাটিয়েছি। কিন্তু সময় এসেছে আইপিএলকে বিদায় জানানোর। আমার বোলিংয়ের প্রশংসা করার জন্য ধন্যবাদ। কিন্তু এবার যদি ফাইনালে না উঠি, তাহলে আমি আর মাত্র চারটি ম্যাচই খেলব। যে চারটি ম্যাচ হবে পেশাদার ক্রিকেটে আমার শেষ ম্যাচ।’২০০৫ সালে শেষ ওয়ানডে ম্যাচ খেলা ওয়ার্ন টেস্ট থেকে অবসর নেন ২০০৭ সালে। ৭০৮ উইকেট নিয়ে শেষ করা ওয়ার্ন ছিলেন টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক। পরের বছর প্রথম আইপিএলে খেলেছেন কোচ কাম অধিনায়কের ভূমিকায়। প্রথম আসরে সবচেয়ে কম টাকা খরচ করা রাজস্থানকে শিরোপাও জিতিয়েছেন।দলে ওয়ার্নের ভূমিকা ভালোই জানা আছে শিল্পা শেঠিদের। মালিকপক্ষ তাই ওয়ার্নকে ছাড়তে রাজি নয়। খেলোয়াড় হিসেবে না হোক, অন্তত ‘মেন্টর’ হিসেবে ওয়ার্ন যেন দলে থেকে যান সেই চেষ্টাই করা হচ্ছে। দলের প্রধান বিপণন কর্মকর্তা রঘু আইয়ার বলেছেন, ‘চার বছর ধরে ওয়ার্ন দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন। তরুণ প্রতিভা পরিচর্যা করে দলকে অন্যতম পরাশক্তি হিসেবে গড়ে তোলার মূল কারিগর ছিলেন তিনি। সামনের দিনগুলোয়ও তরুণদের অভিভাবক হিসেবে তিনি কাজ করে যাবেন।’ ওয়েবসাইট।