এবারই সুযোগ অ্যাটলেটিকোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা একটা জরিপ করেছে। একটাই প্রশ্ন ছিল—চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কোন দল ফেবারিট? প্রায় ৫০ হাজার ভোটের শতকরা ৬০ ভাগ পড়েছে রিয়াল মাদ্রিদের বাক্সে। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো পেয়েছে বাকি ৪০ শতাংশ।

রিয়াল এগিয়ে। সেটাই স্বাভাবিকও। কিন্তু ইতিহাস, ঐতিহ্য আর দলীয় শক্তি বিবেচনায় নিলে ভোটের ব্যবধান যত বেশি হওয়ার কথা ততটা কি হয়েছে?

বিশ্ব ফুটবলের সব মহাতারকাকে নিয়ে দল গড়ার ঐতিহ্য রিয়ালের। রেকর্ড বলছে রিয়ালের চেয়ে বেশি ইউরোপের সেরা হওয়ার সৌভাগ্য হয়নি অন্য কোনো ক্লাবের। অথচ কখনো এই শিরোপা ছুঁয়ে দেখারও সৌভাগ্য হয়নি অ্যাটলেটিকোর। রিয়ালের বার্ষিক বাজেট অ্যাটলেটিকোর চার গুণ। এমনকি টুইটারে রিয়ালের অফিশিয়াল অ্যাকাউন্টে অনুসারী এক কোটিরও বেশি, অ্যাটলেটিকোর সাকল্যে ৭ লাখ ৩০ হাজার।

অন্য সবকিছুতে এই বিশাল ব্যবধান মাথায় রাখলে জরিপের এই ফলকে তো হাড্ডাহাড্ডি লড়াই-ই বলা যায়। ফুটবল বোদ্ধারাও ২৪ মে লিসবনের ফাইনালে দেখেছেন দুই দলের সমান সুযোগ। কারণ একটাই। এই মৌসুমে অ্যাটলেটিকোর দুর্দান্ত ফর্ম। কোচ ডিয়েগো সিমিওনের অধীনে এই মৌসুমে সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে অ্যাটলেটিকো। সে কারণেই এবার অ্যাটলেটিকোর চ্যাম্পিয়নস লিগ জেতার সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছেন মার্কার সহযোগী সম্পাদক সান্তিয়াগো সেগুরোলা। স্প্যানিশ এই ফুটবল বিশ্লেষক সম্প্রতি নিজের কলামে লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদ একটি শাশ্বত ক্লাব। একটা ক্লাবের যা যা দরকার সবই আছে তাদের। এবার না হলেও একসময় না একসময় ওরা লা ডেসিমা জিতবেই। আগামী ১০, ২০ কিংবা ৪০ বছর ধরে ইউরোপের অন্যতম সেরা হয়েই থাকবে। কিন্তু অ্যাটলেটিকোর বেলায় এটা বলা যাচ্ছে না। সেরা হয়ে টিকে থাকার অর্থনৈতিক শক্তি বা অবকাঠামো অ্যাটলেটিকোর নেই। তবে হঠাৎ হঠাৎ ওরা সেরা হয়ে যেতে পারে এবং এবার সেই সুযোগই হাজির।’

ঠিক এমনই একটা সুযোগ চার দশক আগেও পেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু ১৯৭৪ সালে ব্রাসেলসের হেসেল স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিল মাদ্রিদের ক্লাবটি। সে হার এতই যন্ত্রণাদায়ক ছিল যে এরপর ক্লাবের আরেক নাম হয়ে যায় ‘এল পুপাস’। স্প্যানিশ চলতি ভাষায় যার অর্থ ‘দুর্ভাগা’। নামের সঙ্গে যেন কপালের লিখনও মিলে গিয়েছিল অ্যাটলেটিকোর। সমর্থকেরা বিশ্বাস করতে শুরু করেছিলেন, তাদের প্রিয় ক্লাব যত ভালোই খেলুক শেষ পর্যন্ত হারই আছে কপালে।

সিমিওনের কৃতিত্ব এখানেই। খেলোয়াড়-কর্মকর্তা তো বটেই, সমর্থকদের বিশ্বাসটাও তিনি বদলে দিয়েছেন। বিশ্বাস করতে শিখিয়েছেন, জেতা সম্ভব, সেরা হওয়া সম্ভব।

লা লিগা আর চ্যাম্পিয়নস লিগের শিরোপা—স্বপ্নের মতো এক ‘ডাবল’ তাই এবার হাতছানি দিয়ে ডাকছে অ্যাটলেটিকোকে। ওয়েবসাইট।