
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মাত্র ১৮ বছর বয়সে। ২০০২ সালের বিশ্বকাপে মাত্র ২৩ বছর বয়সী রাফায়েল মার্কুয়েজের হাতেই উঠেছিল অধিনায়কত্বের বাহুবন্ধনী। এবারও মেক্সিকোর বিশ্বকাপ স্বপ্নে আছেন তিনি। বয়সটা ৩৫ হয়ে গেলেও তাঁর ওপর ভরসাটা বিন্দুমাত্র কমেনি কোচ মিগুয়েল হেরেরার।
দলের স্থান পাওয়াটা মার্কুয়েজের জন্য নিয়মরক্ষা হলেও হেরেরা চমক দিয়েছেন কার্লোস স্যালসিডোকে দলে নিয়ে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার দীর্ঘদিন ধরেই ব্রাত্য হয়েছিলেন দলে। এবার পারফরম্যান্স দিয়েই তিনি স্থান করে নিয়েছেন হেরেরার বিশ্বকাপ দলে।
দল নির্বাচনের ক্ষেত্রে হেরেরা প্রাধান্য দিয়েছেন ঘরোয়া লিগের খেলোয়াড়দেরই। ২৩ জনের মধ্যে ১৬জনই খেলেন মেক্সিকান লিগে। ইউরোপিয়ান ফুটবলের পরিচিত মুখ আছে দুটি। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ ও ভিলারিয়ালের স্ট্রাইকার জিওভান্নি দস সান্তোস। নিঃসন্দেহে এই দুজনই হয়ে উঠবেন মেক্সিকোর আক্রমণ শানানোর অনুষঙ্গ।
বিশ্বকাপে গ্রুপটা বেশ কঠিনই ঠেকছে মেক্সিকোর জন্য। ক্রোয়েশিয়া, ক্যামেরুন—কেউই ফেলনা দল নয়। গ্রুপে আছে স্বাগতিক ব্রাজিলও। ১৩ জুন ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হবে মেক্সিকোর বিশ্বকাপ মিশন। রয়টার্স
মেক্সিকোর বিশ্বকাপ দল
গোলরক্ষক: জেজাস করোনা, আলফ্রেডো টালাভেরা ও গুইলারমো ওচোয়া।
ডিফেন্ডার: পল আগুলার, মিগুয়েল লায়ুন, হেক্টর মোরেনো, ডিয়েগো রেয়েস, ফ্রান্সিসকো রদ্রিগেজ, রাফায়েল মার্কুয়েজ ও কার্লোস স্যালসিডো।
মিডফিল্ডার: হেক্টর হেরেরা, হোসে জুয়ান ভাসকুয়েজ, হুয়ান কার্লোস মেডিনা, কার্লোস পেনা, আইজাক ব্রিজুয়েলা, লুইস মন্তেস, মারকো ফ্যাবিয়ান ও আন্দ্রেস গুয়ার্দাদো।
ফরোয়ার্ড: ওরিবে পেরালতা, হাভিয়ের হার্নান্দেজ, রাউল জিমেনেজ, আলান পুলিডো ও জিওভান্নি দস সান্তোস।