এবারও আবাহনীর দুঃখ শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাগ-আউটে মাথা নিচু করে বসে আছেন আবাহনীর খেলোয়াড়েরা। কোচ অমলেশ সেন বিব্রত। সবার মুখে অমানিশার অন্ধকার। একটু আগে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের নিয়েছে দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই সন্ধ্যাটা কি একটু বেশিই হতাশায় ডোবাল আকাশি-নীলদের?যতটা হতাশার, তার চেয়ে বেশি বিস্ময়ের। আবাহনী কিনা টানা দুটি ম্যাচ হারল! দলটির ইতিহাসে এমন ধারাবাহিক হার খুবই কালেভদ্রে আসে। রেকর্ডপত্র ঘেঁটে দেখা যাচ্ছে, গত বছর ফেডারেশন কাপেও ঠিক এবারের মতো শেষ গ্রুপ ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে হেরেছে আবাহনী। শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ ছিল ফেনী সকার, কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি। নিয়তির কী পরিহাস, এবারও ফেড কাপের শেষ আটে আবাহনীর ঘাতক সেই শেখ জামাল, যারা গতবার ফেড কাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নই হয়েছে। এবার গ্রুপের শেষ ম্যাচে আবাহনীর হন্তারক ছিল ব্রাদার্স। ওই পরাজয়ে আবাহনীর জন্য হয়েছিল জেগে ওঠার সতর্কবার্তা। কিন্তু আবাহনী ঘুমিয়েই থাকল। কাল শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল ৮১ মিনিট পর্যন্ত। আবাহনী এরপর ২-১ করেছে, কিন্তু ততক্ষণে মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।শেখ জামালের গতির কাছেই হেরেছে আবাহনী। বল দখল, দৌড়, খেলোয়াড়দের ফিটনেস, জয়ের অদম্য ইচ্ছা, মাঝমাঠের নিয়ন্ত্রণ, রক্ষণকাজ—সব বিভাগেই আবাহনীকে পেছনে ফেলেছে জামাল। প্রায় দেড়-দুই মাস একসঙ্গে অনুশীলন করায় দলীয় বোঝাপড়া গড়ে উঠেছে জামালের। আবাহনীর প্রস্তুতি অল্প কয়েক দিনের। ইব্রাহিম-সামাদরা এসেই মাঠে নেমে পড়েছেন। ফারোয়ার্ড ফ্রাঙ্ক কালই প্রথম মাঠে নামলেন। ব্রাজিলিয়ান সান্তানা কিছু করে দেখাতে পারলেন না।দুই দলে খেললেন চারজন করে বিদেশি। শেখ জামালের দ্রুতগতিসম্পন্ন বিদেশিরাই মূল পার্থক্যটা গড়ে দিলেন। এক সানডেকে রুখতেই হিমশিম খেয়েছে আবাহনীর রক্ষণ। তাঁর স্বদেশি নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওতোজারেকি তো আটকাতেই পারেনি। এই ওতোজারেকিই দু-দুটি গোল করে ভেঙে দিলেন আবাহনীর স্বপ্ন।মাইকের প্রথম গোলটি ৩২ মিনিটে। মাঝমাঠ থেকে বাতাসে ভাসা একটা লম্বা বল এলে আবাহনীর রক্ষণের সবাই এসে পড়েন একই সমান্তরালে। সানডে হেড করে বলটা সামনে ফেললে পেয়ে যান মাইক, সহজেই তাঁর প্লেসিং (১-০)।গোল খেয়েও আবাহনীর হুঁশ ফেরেনি। ৬০ মিনিটে আবাহনীর রক্ষণ পুরোপুরি ছন্নছাড়া হয়ে পড়ে, সুজন-সামাদরা বল ক্লিয়ার করতে পারেননি। জটলায় মধ্যে আলতো শটে গোল করেন মাইক (২-০)।আবাহনী খেলাটা ধরেছে অনেক দেরিতে, আসলে ধরার চেষ্টা করেছে। ৮২ মিনিটে ইব্রাহিমের ফ্রি-কিক জামাল গোলরক্ষক মোস্তাক ডান দিকে ঝাঁপিয়ে ফিস্ট করেন, ফিরতি বল বদলি ফরোয়ার্ড তৌহিদুল জালে পাঠান বুদ্ধিদীপ্ত শটে (২-১)।আবাহনীর কোচ অমলেশ সেনের মুখে হারের ব্যাখ্যা, ‘দলীয় সমন্বয় গড়ে ওঠেনি আমাদের। ফ্রাঙ্ক ছাড়া অন্য বিদেশিদের ফিটনেস নেই। তার ওপর ডিফেন্স অনেক ভুল করেছে।’ শেখ জামাল কোচ জোসেফ আপুসির উচ্ছ্বাস, ‘পরিকল্পিত ফুটবল খেলেছি আমরা। সেটিরই ফল পেয়েছি।’