এবারও কিছু করতে চান পোর্টারফিল্ড
সম্পর্কের বীজটা কি বোনা হয়ে গিয়েছিল সাত বছর আগেই? বিশ্বমঞ্চে প্রথম খেলেছিলেন ২০০৪ সালে, এই বাংলাদেশের মাটিতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। বাংলাদেশকে তখনই হূদয়ে গেঁথে ফেলেছিলেন কি না, কে জানে! না হলে সেরাটা সব সময়ই কেন বাংলাদেশের জন্যই জমা রাখেন উইলিয়াম পোর্টারফিল্ড?গত বিশ্বকাপে এক পাশ আগলে রাখলেন ৪১ ওভার, তাঁর ৮৫ রানের ইনিংসে আড়াই শ ছুঁইছুঁই স্কোর গড়ল আয়ারল্যান্ড। বাংলাদেশ পারল না ধারেকাছে যেতেও। ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশকে হারানোর ম্যাচে দলকে এনে দিলেন ভালো সূচনা। গত জুলাইয়ে বেলফাস্টে বাংলাদেশের ২৩৪ রান আয়ারল্যান্ড অনায়াসে টপকে গেল তাঁর অসাধারণ সেঞ্চুরিতে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই তাঁর ব্যাটিং-গড় সবচেয়ে বেশি (৪০.৫০)। আগস্টে গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের বিপক্ষে করলেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারের সর্বোচ্চ ১৭৫। ভাবছেন এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী? ভুলে গেলেন, উস্টারশায়ারের হয়ে খেলছিলেন সাকিব আল হাসান! এবারও আশা করছেন এমন কিছু? মিরপুর একাডেমি মাঠে সিরিয়াস সব কথার ভিড়ে দুষ্টুমির হাসি পোর্টারফিল্ডের চোখেমুখে, ‘আরেকটি সেঞ্চুরি হলে মাইন্ড করব না, তবে ৮০ হলেও চলবে!’ রসিকতা করেই আবার সিরিয়াস, ‘সত্যি বলছি, ম্যাচ জেতাটাই আসল। জিততে পারলে রান আমি করলাম, না কে করল কোনো ব্যাপার নয়। বাংলাদেশকে হারানো খুব কঠিন হবে, বিশেষ করে তাদের পরিচিত আলো-বাতাসে। তবে নিজেদের দিনে আমরা বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। বছর খানেক ধরে আমরা দারুণ ধারাবাহিক ক্রিকেট খেলছি। আশা করি, এর প্রতিফলন শুক্রবারও দেখা যাবে।’আয়ারল্যান্ডের পুরো উল্টো কন্ডিশন, তবে এটিকে বড় কোনো সমস্যা মনে করেন না এই ওপেনার। ম্যাচের সাত দিন আগেই চলে এসেছেন, মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় তো পাচ্ছেনই! এই ম্যাচে এমনিতেই ফেবারিট বাংলাদেশ, তার ওপর তাদের প্রথম ম্যাচে হারের চোট। অনেকেরই ধারণা, সব মিলিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। তবে এই তত্ত্বে ঠিক বিশ্বাস নেই পোর্টারফিল্ডের, ‘প্রথম ম্যাচ হারাটা হতাশার, তবে ছন্দে থাকলে শেবাগকে আটকানো মুশকিল। গত এক-দেড় বছরে দল হিসেবেও ভারত দুর্দান্ত খেলছে। বাংলাদেশের ব্যাটিং কিন্তু ভালো হয়েছে। আমরা নিশ্চিত, ইতিবাচক অনেক কিছু বাংলাদেশ পেয়েছে।’বাস্তবতা এখন এটাই। নিজের চেয়েও পোর্টারফিল্ডকে এখন বেশি ভাবতে হয় দলের কথা। আড়াই বছর ধরে দলের নেতৃত্ব তাঁর কাঁধেই। বয়স তখন মাত্রই ২৩ পেরিয়েছে, ট্রেন্ট জনস্টনের উত্তরসূরি বাছতে তবু দুবার ভাবতে হয়নি আয়ারল্যান্ডের ক্রিকেট কর্তাদের। পোর্টারফিল্ডের জন্মই হয়েছিল যেন অধিনায়ক হওয়ার জন্য, নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৩ থেকে শুরু করে সবগুলো বয়সভিত্তিক দল ও ‘এ’ দলকে। জাতীয় দলের নেতৃত্ব না পেলেই বরং বেশি বিস্ময়কর হতো।অধিনায়কদের নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। এখানেও পোর্টারফিল্ড যোগ্য অধিনায়ক। দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি তাঁরই। ৪৪ ম্যাচে ৯ বার ফিফটি পেরিয়েছেন, এর মধ্যে ৫ বারই ছুঁয়েছেন তিন অঙ্ক (আয়ারল্যান্ডের আর কারও দুটির বেশি সেঞ্চুরি নেই)। তরুণ অধিনায়কের দলে জনস্টন, আন্দ্রে বোথার মতো অভিজ্ঞরা যেমন আছেন, তেমনি আছেন জর্জ ডকরেল, পল স্টার্লিংয়ের মতো সম্ভাবনায় তরুণেরাও আছেন। সব মিলিয়ে অমিত সম্ভাবনা আয়ারল্যান্ডের সামনে। পোর্টারফিল্ডের চোখেমুখেও সেই স্বপ্ন, ‘গত বিশ্বকাপের আগে ক্রিকেট জাতি হিসেবে আয়ারল্যান্ড সম্পর্কে অনেকেই জানত না। ওই বিশ্বকাপ ছিল ক্রিকেট মানচিত্রে নিজেদের নামটা তুলে ধরার। গত দুই বছরে আমরা দারুণ খেলছি। আশা করি, এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা আরও এগিয়ে যাব।’আয়ারল্যান্ড এগিয়ে যাক, ক্ষতি নেই। শুধু বাংলাদেশকে মাড়িয়ে না গেলেই হলো!