এবারও ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথা লিখেছিলেন গতবার। অবসর থেকে ফেরার এক মাসের মাথায় মা কিম ক্লাইস্টার্সের ইউএস ওপেন জেতাটা রূপকথা নয় তো কি! সেবার খেলেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। এবার ছিলেন দ্বিতীয় বাছাই। ক্লাইস্টার্স শুধু শিরোপা ধরেই রাখলেন না, জন্ম দিলেন গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে একতরফা ফাইনালগুলোর একটিরও।গত শনিবার ফাইনালে রাশিয়ার ভেরা জভোনারেভাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ক্লাইস্টার্স। ম্যাচ স্থায়ী হয়েছে মাত্র ৫৯ মিনিট, ১৯৮০ সালে সময়ের হিসাব রাখা শুরুর পর এটিই ইউএস ওপেনে সবচেয়ে সংক্ষিপ্ত ফাইনাল। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যারোল কাল্ডওয়েল গ্রায়েবনারের বিপক্ষে ব্রাজিলের মারিয়া বুয়েনোর ৬-১, ৬-০ গেমে জয়ের পর এমন একতরফা ফাইনাল দেখেনি ফ্লাশিং মিডো।কিন্তু ক্লাইস্টার্সের এমন দাপুটে জয়কে ছাপিয়েও শনিবারের ইউএস ওপেনে সবচেয়ে আলোচিত হয়ে ছিল রজার ফেদেরারের বিদায়। সাত বছরের মধ্যে এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে উঠতে পারেননি সুইস গ্রেট। ক্লাইস্টার্সের শিরোপা জয়ের দিনই সেমিফাইনালে হেরে গেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে। ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জোকোভিচ জিতেছেন ৫-৭, ৬-১, ৫-৭, ৬-২, ৭-৫ গেমে। ইউএস ওপেনের ফেদেরার-নাদাল ফাইনাল দেখার স্বপ্ন তাই অপূর্ণই থেকে গেল আরও একবার। এ নিয়ে ফেদেরারের তো আক্ষেপ আছেই। আক্ষেপ আছে প্রথম সেমিফাইনালে রাশিয়ার মিখাইল ইউজনিকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠে যাওয়া রাফায়েল নাদালেরও।ফাইনালটি হয়ে যাওয়ার কথা ছিল গত রোববার রাতেই। কিন্তু বৃষ্টির কারণে সেটি পিছিয়ে গেছে এক দিন। গতকাল রাতে হয়ে যাওয়া ফাইনাল জিতে নাদাল ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করে ফেলতে পেরেছেন কি না, এটা অবশ্য এরই মধ্যে আপনি জেনেও যেতে পারেন।গতবার ফাইনালে হুয়ান দেল পোত্রোর কাছে হারার আগে টানা পাঁচবার ইউএস ওপেন জিতেছেন ফেদেরার। এবারের পরাজয়ে যাঁরা ফেদেরার-যুগের সমাপ্তি দেখছেন, ফেদেরারের কথা শোনার পর তাঁদের আবার ভাবতে হবে। ‘এই পরাজয়টা খুব কষ্টকর, তবে এটা আমাকে আরও বেশি অনুশীলন করে গ্র্যান্ড স্লাম ফাইনালে ফেরার জন্য অনুপ্রাণিত করবে’—বলেছেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী।ফেদেরারকে যেখানে স্বরূপে ফেরার সংগ্রাম করতে হচ্ছে, ক্লাইস্টার্সের লড়াইটা অন্য। গতবারের ফাইনাল শেষের দৃশ্যের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও ট্রফি হাতে ক্লাইস্টার্সের পাশে মেয়ে জাডা ও বাস্কেটবল খেলোয়াড় স্বামী ব্রায়ান লিঞ্চ। সংসার শুরু করবেন বলেই অবসর নিয়েছিলেন। টেনিস আর সংসার—এই দুয়ের ভারসাম্য রাখতে হিমশিম খেতে হচ্ছে এখনো। আপাতত তাই ২০১২ লন্ডন অলিম্পিক পর্যন্ত খেলার লক্ষ্য স্থির করেছেন ক্লাইস্টার্স। আড়াই বছর বয়সী জাডা স্কুলে যেতে শুরু করার পর কী হবে, এটা যে এখনো ঠিক বুঝতে পারছেন না। এএফপি।