এবারও চুক্তিতে নেই গেইল-ব্রাভোরা
টি-টোয়েন্টির ‘হটকেক’ তাঁরা। ফ্রি-ল্যান্স ক্রিকেটার হয়ে খেলে বেড়াবেন বিশ্বময়—এ ভাবনা থেকে গত বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড।শোনা যাচ্ছে, এবার বোর্ড নিজে থেকেই তাঁদের চুক্তি রাখছে না। গতবারের মতো এবারও চুক্তি থেকে বাদ পড়েছেন চোট-আঘাতে জর্জরিত রামনরেশ সারওয়ান। বাজে ফর্মের কারণে দলে জায়গা হারানোর পর এবার চুক্তিতেই নেই সহ-অধিনায়ক ব্রেন্ডন ন্যাশ।দুই বাঁহাতি সুলিমান বেন ও নিকিতা মিলারও চুক্তির আওতায় আসেননি। খুব বেশি দিন হয়নি মোটামুটি নিয়মিত ছিলেন দুজন। কিন্তু ফর্ম হারিয়ে এখন দলের বাইরে মিলার, বারবার সতর্কতার পরও আচরণ না শোধরানোয় বোর্ডের সুনজরে নেই বেন। চুক্তি হারিয়েছেন ওপেনার ডেভন স্মিথ ও অলরাউন্ডার ডেভ বার্নার্ডও। ফিরেছেন মারলন স্যামুয়েলস ও ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস। দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, শ্যানন গ্যাব্রিয়েল, কাইরান পাওয়েল ও ডেভন টমাস গত চুক্তিতে ছিলেন ‘ডেভেলপমেন্ট’ শ্রেণীতে। এবার সবাই পেয়েছেন পূর্ণাঙ্গ চুক্তি। চুক্তিতে থাকাদের বার্ষিক বেতন ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ওয়েবসাইট।