এবারও জয় পেল না দিল্লি
টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্যটা মামুলিই বলা যেতে পারে। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে এই সহজ লক্ষ্যে পৌঁছাতেও যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে সানরাইজারস হায়দরাবাদের ব্যাটসম্যানদের। উত্তেজনাপূর্ণ ম্যাচে হায়দরাবাদ পেয়েছে ৩ উইকেটের জয়। আর এই জয় দিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে সাঙ্গাকারা বাহিনী। অন্যদিকে আইপিএলের প্রথম চারটি ম্যাচে এখনো জয়ের মুখ দেখতে পারল না দিল্লি ডেয়ারডেভিলস। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রানআউটের ফাঁদে পড়েন হায়দরাবাদের ওপেনার আকসাথ রেড্ডি। তবে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের মজবুত জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছিলেন পার্থিব প্যাটেল ও কুমার সাঙ্গাকারা। অষ্টম ওভারে ১৯ রান করে ফিরে যান প্যাটেল।দুই ওভার পরে সাঙ্গাকারাও ধরেন সাজঘরের পথ। তাঁর ব্যাট থেকে এসেছে ২৮ রান। এ সময় রানের গতি বেশ খানিকটা কমে যায় হায়দরাবাদের। ১১ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। ১৪তম ওভারের শেষ বলে মারমুখী ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইটও সাজঘরে ফিরলে খানিকটা চাপের মুখেই পড়ে যায় হায়দরাবাদ। শেষ ছয় ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৪৬ রান। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ১৭ রান করা হনুমা বিহারিও আউট হন। এক ওভার পরে মরনে মরকেল তুলে নেন ১৬ রান করা আশিষ রেড্ডির উইকেট। এই পর্যায়ে হারের আশঙ্কায় দুলতে থাকা হায়দরাবাদকে উদ্ধার করেন অমিত মিশ্র ও ডেল স্টেইন। অমিত মিশ্র ১৬ ও স্টেইন ৯ রান করে অপরাজিত ছিলেন।