এবারও জাতীয় লিগে ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জানুয়ারি জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়ে দুই রাউন্ড খেলাও হয়ে গেছে কোনো স্পনসর ছাড়াই। অবশেষে আজ শুরু হতে যাওয়া তৃতীয় রাউন্ডের আগে পৃষ্ঠপোষক মিলেছে লিগের। এই নিয়ে তৃতীয়বারের মতো লিগের টাইটেল স্পনসর হতে এগিয়ে এসেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
স্পনসর বিলম্বে মিললে কী হবে, জাতীয় লিগটা এবার বেশ বিস্তৃতই। আগের সাতটির সঙ্গে এবার যোগ হয়েছে আরও তিনটি নতুন ভেন্যু। এই প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও ফতুল্লার আউটার স্টেডিয়ামে। আট দলের লিগে চ্যাম্পিয়নরা পাবে ২০ লাখ টাকা, রানার্সআপ ১০ লাখ। ম্যান অব দ্য টুর্নামেন্ট ১ লাখ টাকা, সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি পাবেন ৭৫ হাজার করে। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১৫ হাজার টাকা। খেলার মাঝপর্যায়ে এসে স্পনসর আসায় এবার টাকা একটু কমই পাচ্ছে বিসিবি। তবে অঙ্কটা জানাতে রাজি হননি বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।