এবারও জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরার নন, গত বছরের মতো এবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন নোভাক জোকোভিচ। ৩৪৫ পয়েন্ট বেশি নিয়ে এখনো ফেদেরারই এক নম্বরে। তাঁর পয়েন্ট ১২৩১৫, জোকোভিচের ১১৯৭০। কিন্তু কদিন আগে অ্যান্ডি মারেকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জয়ের পরই নিশ্চিত হয়েছে, জোকোভিচই এক নম্বরে থেকে বছর শেষ করবেন। আগামী সপ্তাহে প্রকাশিত র‌্যাঙ্কিংয়েই জোকোভিচ উঠে যাবেন এক নম্বরে, ফেদেরার নামবেন দুইয়ে। গত জুলাই মাসে ফেদেরারের কাছে শীর্ষস্থান হাতছাড়া করেছিলেন। সেই ফেদেরারের কাছ থেকেই ওটা ফিরে পেয়ে এই সার্বিয়ান গড়তে যাচ্ছেন ছোটখাটো একটা কীর্তি—ফেদেরারের পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা। এর আগে টানা চার বছর (২০০৪ থেকে ২০০৭) শীর্ষে থেকে বছর শেষ করেন ফেদেরার। রয়টার্স।আগের বছরের মতো বিস্ময়কর না হলেও এ বছরও যে কোর্টে তাঁর খারাপ কাটেনি, বছর শেষে এক নম্বরে ফেরাটা তারই প্রমাণ। ২০১২ সালের এ পর্যন্ত পাঁচটি শিরোপা জিতেছেন জোকোভিচ। যার মধ্যে আছে অস্ট্রেলিয়ান ওপেনসহ তিনটি মাস্টার্সের শিরোপা—মায়ামি, কানাডা ও সাংহাই। প্রাইজমানি পেয়েছেন ৮০ লাখ ডলার। ২৫ বছর বয়সীর এখন প্রতীক্ষা আগামী সপ্তাহেই শুরু হতে যাওয়া প্যারিস মাস্টার্স এবং তারপর মৌসুমের শেষ টুর্নামেন্ট লন্ডনের এটিপি ট্যুর চ্যাম্পিয়নশিপের জন্য।