এবারও জয় পেল না ইলিয়েভস্কির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স কেমন, সেটা দেখতে মাঠে হাজির জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান (জয়)। বিজেএমসির পরিচালক নিজের দলের জন্য পছন্দের ফুটবলার খুঁজছেন। খানিক পর জাতীয় দলের পারফরম্যান্স দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকলেন কাজী সালাউদ্দিন। সব আফ্রিকান খেলোয়াড়কে নিয়ে গড়া বিদেশি একাদশের বিপক্ষে কালকের ম্যাচ দেখে খুব কি আশাবাদী হতে পারছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি? সাফ ফুটবলের প্রথম প্রস্তুতি ম্যাচে গত শনিবার ৩-২ গোলে হেরেছিল জাতীয় দল। কাল মান বেঁচেছে; ম্যাচ ১-১ গোলে ড্র।প্রথম ম্যাচে জাহিদ হাসান এমিলি পেনাল্টি থেকে গোল করেছিলেন। কালও প্রথম সুযোগ পেলেন সেই পেনাল্টি থেকেই। কিন্তু ৩১ মিনিটে পেনাল্টি মিস করলেন; ঠেকিয়ে দিলেন গোলরক্ষক আল আজিজ। ফিরতি বলে ইমন বাবুর শট যায় বারের ওপর দিয়ে। সেই ইমন বাবুর পাস থেকেই ৩৮ মিনিটে গোল করলেন এমিলি। ৫৮ মিনিটে যেটি শোধ করে দেন লাকি। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক দেখা গেছে বিদেশিদের। জাতীয় দলের ফুটবলারদের পাসিং, ব্লক—কোনোটাই ভালো হয়নি। গোল পাওয়ার ব্যাকুলতাও যেন নেই জাতীয় দলের। ক্লান্ত-বিধ্বস্ত মনে হচ্ছিল নিকোলা ইলিয়েভস্কির ছাত্রদের। ম্যাচ শেষে অবশ্য কোনো কথা বলতে চাননি মেসিডোনিয়ান কোচ। তবে প্রতিপক্ষ কোচ কামাল বাবুর মূল্যায়ন, ‘গত ম্যাচের চেয়ে এদিন জাতীয় দল অনেক ভালো খেলেছে। ডিফেন্সে অবশ্য দুর্বলতা রয়েই গেছে। তবে একজন কোচ হিসেবে আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম, ইলিয়েভস্কি সেভাবেই খেলিয়েছেন।’ ১৮ নভেম্বর একই দলের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কোচ কামাল বাবু বললেন, ‘বিদেশিরা অনেকেই খ্যাপ খেলতে যেতে পারে। ওই দিন তাই ম্যাচ না-ও হতে পারে।’