এবারও জয়ী ইসনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের সর্বশেষ ম্যাচটা শেষ হয়েছিল তিন দিনে। পাঁচ সেটে নিষ্পত্তি হওয়া ম্যাচটি শেষ হতে সময় লেগেছিল ১১ ঘণ্টারও বেশি! দীর্ঘদিন পর সেই দুজনই যখন কাল আবার মুখোমুখি হলেন হপম্যান কাপে, তখন স্বাভাবিকভাবেই ভাসছিল ইতিহাসে জায়গা করে নেওয়া উইম্বলডনের প্রথম রাউন্ডের সেই ম্যাচটির স্মৃতি। কিন্তু এবার দুজনের দ্বৈরথ শেষ হয়ে গেল অল্প সময়েই। একটা সাদৃশ্য অবশ্য আছে। সেই ম্যাচের মতো কালও বিজয়ী জন ইসনার। দলকে লিড দিতে কাল ইসনার বন্ধু নিকোলাস মেহুতকে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে। আমেরিকান ইসনারের সঙ্গে ফ্রান্সের নিকোলাস মেহুতের বন্ধুত্ব হয়েছে উইম্বলডনের সেই ম্যাচটি দিয়েই। ইসনার কাল বলেছেন, সেই থেকেই তাঁরা পরস্পরের ভালো বন্ধু। এএফপি।