গত বছর ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ তিনে খেলার সুযোগ পেয়েও যেতে পারেননি ইরানে। এবারও দুর্ভাগ্য জাতীয় দলের খেলোয়াড় দীপু লালের। আগামী ২২-২৮ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠেয় গ্রুপ চারের প্রাথমিক দলে ডাক পেলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন। গত বছর ইরানি দূতাবাস দীপুকে ভিসা দেয়নি। এবার ফেডারেশনের ‘আর্থিক সীমাবদ্ধতার’ শিকার।‘টাকা নেই’ অজুহাত দিয়ে গতকাল টেনিস ফেডারেশন দীপুকে চিঠি লিখে জানিয়েছে, টাকার অভাবে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ বাছাইপর্ব পেরিয়ে দলে জায়গা করে নেন বাংলাদেশের টেনিসের দিকপাল শিবুলালের ছোট ভাই।ডেভিস কাপে প্রতিটি দেশের সঙ্গে দুটি একক ও একটি দ্বৈত ম্যাচ খেলতে হয়। এশিয়া-ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশ ছাড়াও খেলবে বাহরাইন, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, মিয়ানমার, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান। এমনিতেই তেমন ভালো প্রস্তুতি নেই বাংলাদেশের। তার ওপর কেউ চোট পেলে সেরা দলটাকে ধুঁকতে হবে। দীপু লাল আক্ষেপ করে বলছিলেন, ‘আমার ভাই শিবুলাল যুক্তরাষ্ট্রে থাকেন, এ কারণেই নাকি গত বছর ইরান আমাকে ভিসা দেয়নি! এবার সেই সমস্যা নেই, অথচ আমাকে বাদ দেওয়া হলো।’দলের সেরা খেলোয়াড় অমল রায়ও বিষয়টা মানতে পারছেন না, ‘আমাদের দলটা খুব বেশি শক্তিশালী হলো না। লড়াই করা কঠিনই হবে। এখন আমাদের ওপরও অনেক চাপ পড়বে।’