দেশে রাজনৈতিক অবস্থা এখন টালমাটাল। হরতাল, লংমার্চ ইত্যাদির প্রভাবমুক্ত থেকে এ মাসে বাংলাদেশ গেমস আয়োজন কঠিন হয়ে উঠেছে।যদিও আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে, এখন পর্যন্ত গেমসের সার্বিক প্রস্তুতি ভালো। ২০-২৮ এপ্রিল নির্ধারণ করা আছে গেমসের সময়সূচি। এই সময় দেশে খুব অস্বাভাবিক অবস্থা তৈরি হলে তবেই গেমস পেছাতে পারে। গেমসের স্টিয়ারিং কমিটির প্রধান বিওএর সহসভাপতি হারুনুর রশিদ বলছেন, ‘গেমস পেছানোর কোনো চিন্তাভাবনা এই মুহূর্তে নেই। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একান্তই সম্ভব না হলে গেমস নিয়ে হয়তো বিকল্প ভাববে বিওএ।’বাস্তব অবস্থা অবশ্য গেমস পেছানোরই ইঙ্গিত দিচ্ছে। গেমস হওয়ার কোনো আলামত দৃশ্যমান নয়। ১০ বছর পর হচ্ছে এই গেমস। যেটি দেশের ক্রীড়াঙ্গনে সর্ববৃহৎ ক্রীড়া-উৎসব। কিন্তু স্টেডিয়ামপাড়ায় এর কোনো আমেজ নেই। ভেন্যুগুলো প্রায় ঠিকঠাকই আছে। তবে কিছু ভেন্যুর সংস্কার প্রয়োজন। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ভেন্যু সংস্কারে হাত পড়েনি। ফেডারেশনগুলো ঠিকমতো জানাতে পারছে না, কটি এন্ট্রি এসেছে জেলা থেকে। অথচ জেলা, বিভাগ, সার্ভিসেস দল, বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজিত গেমসের বাকি আর মাত্র দু্ই সপ্তাহ। বাকি কদিনে প্রস্তুতি কতটা কী হবে, সেটি নিয়ে অনেকেই সংশয়ে।প্রায় সাড়ে সাত হাজার ক্রীড়াবিদ কোথায় থাকবেন, নির্দিষ্ট করে জানাতে পারছে না বিওএ। ফেডারেশন বলছে, ক্রীড়াবিদেরা নিজেদের ব্যবস্থাপনায় থাকবেন। এ জন্য টাকা দেওয়া হবে। কিন্তু গেমসের এক-দুদিন আগে এত বিশাল বহরের আবাসনসংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। যদিও হোটেল বুকিং দেওয়া হচ্ছে বলে দাবি বিওএর।ফেডারেশনগুলোর বাইলজ, খেলার নিয়মনীতি—এসব নিয়েও অস্পষ্টতা। অর্থসংকট তো আছেই। ২১ কোটি ৭৪ লাখ টাকা মোট বাজেট। এর মধ্যে সরকারি অনুদান পাওয়া গেছে ৫ কোটি। বাকি টাকা তোলা হবে স্পনসর থেকে। যদিও পাঁচ কোটি টাকার বড় একটি স্পনসর সরে গেছে। তবে ‘টাকা সমস্যা হবে না’ বলছেন কর্তারা। এর মধ্যে ফেডারেশনগুলোর জন্য খানিক স্বস্তির, কিছু টাকা তারা পেয়েছে। ফেডারেশনগুলোকে দুদিন আগে তাদের বাজেটের ৩০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে, তবে চেক ভাঙিয়ে টাকা তুলে কাজে নামতে নামতে আরও সময় পার। গেমসের সবচেয়ে বড় দিক, উদ্বোধনী-সমাপনীর জন্য বাজেট ৮ কোটি টাকা! যদিও এখন শোনা যাচ্ছে বাজেট আরও বাড়তে পারে। এত বিশাল অঙ্কের গেমসে খেলোয়াড়দের জন্য কোনো অর্থ পুরস্কার নেই। পদকই ঢের প্রাপ্তি! সঙ্গে যাওয়া-আসা, থাকা-খাওয়ার খরচ এবং ট্র্যাকস্যুট।খেলোয়াড়দের অর্থ পুরস্কার না দেওয়ার পক্ষে বিওএর ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমানের যুক্তি, ‘বাংলাদেশ গেমসে আগে অর্থ পুরস্কার ছিল না খেলোয়াড়দের জন্য।’ অতীতে ছিল না বলে বর্তমানেও থাকবে না! খেলোয়াড়েরা কেন বঞ্চিত হবেন? এই ২০১৩ সালে এসে প্রায় ২২ কোটি টাকার গেমসে এটা বড় প্রশ্নই।