এবারও পারলেন না সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ভাগ্য বোঝা গিয়েছিল আগেই। দেখার ছিল ১৪৪ রানে অপরাজিত কুমার সাঙ্গাকারা কী করেন। আগের টেস্টে সঙ্গীর অভাবে ১৯৯ রানেই থমকে দাঁড়ানো সাঙ্গাকারার কালও হতাশাই সঙ্গী হলো। এবার আউট ডাবল সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে। আবদুর রেহমানের নিরীহ এক বলে স্কোয়ার লেগে তৌফিক উমরের হাতে ক্যাচ তুলে দিয়ে তৃতীয়বারের মতো ১৯০-এর ঘরে আউট হলেন এই বাঁহাতি। অবধারিতভাবেই ড্র হয়েছে ম্যাচটা। শুধু দেখার ছিল শেষ দিনে পাকিস্তানের বোলাররা শ্রীলঙ্কাকে ফলোঅনে ফেলতে পারে কি না। ফলোঅন এড়াতে স্বাগতিকদের দরকার ছিল ৭৪ রান, হাতে ছিল ৫ উইকেট। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়েই দূর করে দেন ওই শঙ্কা। ষষ্ঠ উইকেটে ৯২ রান করেছেন দুজন। ৩৭০ রানে ম্যাথুসের বিদায়ের পর ৩৯১ রানেই শেষ লঙ্কানদের ইনিংস। প্রথম ইনিংসে ১৬০ রানের লিড পাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। ১৮ ওভারে ঠিক ১০০ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। দ্রুত রান তুলতে স্পিনার রেহমানকে তিনে উঠিয়ে আনে পাকিস্তান। ২২ বলে ৩ চার ৩ ছয়ে ৩৬ রান করে অধিনায়কের আস্থার প্রতিদান দেন রেহমান। ৩৭ ওভারে করতে হতো ২৬১ রান। ওভারে ৭-এর বেশি রান তোলার ঝুঁকি কেউই নেবে না। সিরিজে ১-০ এগিয়ে থাকা স্বাগতিকেরা হেঁটেছে নিরাপদ রাস্তাতেই। ২২ ওভারে ২ উইকেটে ৮৬ রান তোলার পরই ড্র মেনে নেয় দুই দল। আগামী রোববার পাল্লেকেলেতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ওয়েবসাইট।