এবারও ফেরা হলো না মাশরাফির
‘দুর্ভাগ্য’ আর কত দিন তাড়া করে ফিরবে—প্রশ্নটার উত্তর নেই মাশরাফি বিন মুর্তজার কাছেও। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে পড়া হাঁটুর ইনজুরির ধাক্কায় ক্রিকেট থেকে এমনই ছিটকে গেলেন যে এরপর টেস্ট-ওয়ানডে মিলে চার-চারটি সিরিজে দলে থাকতে পারলেন না। সেই ধারাবাহিকতায়ই এবার তাঁর যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ডেও।নিউজিল্যান্ড সফর থেকে মাশরাফির ছিটকে পড়া সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক। হাঁটুর ইনজুরি কাটিয়ে যখন খেলার মতো অবস্থায় ফিরলেন, তখন সামনে বাধা হয়ে দাঁড়াল জ্বর-কাশি-শ্বাসকষ্ট! এই অসুস্থতা মোটামুটি কাটিয়ে উঠলেও সর্বশেষ রক্ত পরীক্ষার রিপোর্ট ও চিকিত্সকদের পরামর্শ মাশরাফির নিউজিল্যান্ডে যাওয়ার পক্ষে নয়। বিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র কাল নিশ্চিত করেই বলেছে, ‘মাশরাফির নিউজিল্যান্ড যাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট।’শ্বাসকষ্টের সমস্যা আপাতত নেই। কিন্তু জ্বর একবার ছাড়ে তো আবার ওঠে। কাশিও আছে বেশ। কাল তো টেলিফোন করলে কাশির জন্য মাশরাফি ঠিকমতো কথাই বলতে পারলেন না এই প্রতিবেদকের সঙ্গে। শুধু বলেছেন, ‘বুঝতে পারছি না কী হবে...কাশি তো এখনো ভালো হয়নি। আমি রক্ত পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছি বোর্ডে। এখন বোর্ডই সিদ্ধান্ত নেবে আমি নিউজিল্যান্ড যাব কি যাব না।’ রক্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ‘ভাইরাল ফিভারে’ আক্রান্ত হয়েছিলেন মাশরাফি। চিকিত্সকদের পরামর্শ, অন্তত ৪-৫ দিন বিশ্রামে থাকা উচিত তাঁর। মাশরাফিকে নিউজিল্যান্ড পাঠানোর যৌক্তিকতা এরপর আর থাকেও না। নিউজিল্যান্ড সফরে শুধু টি-টোয়েন্টি আর ওয়ানডেই খেলার কথা তাঁর। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩ ফেব্রুয়ারি, তিন ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হয়ে যাবে ৫ ফেব্রুয়ারি।মাশরাফির নিউজিল্যান্ড না যাওয়ার সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে আজই জানানোর কথা। তাঁর বিকল্প হিসেবে অন্য কাউকে পাঠানোর চিন্তাভাবনা নেই বলেই জানা গেছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জুনায়েদ সিদ্দিক নিউজিল্যান্ডে চলে যেতে পারেন একটু আগেভাগে। এমনিতে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টি-টোয়েন্টি আর ওয়ানডের পর, সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটার জন্য।মাশরাফির জন্য অপেক্ষা এখনো শেষ না হলেও দীর্ঘ বিমানভ্রমণ শেষে কাল নিউজিল্যান্ডের হ্যামিল্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া থেকে কোচ জেমি সিডন্সও এর মধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। হ্যামিল্টনের স্যাডন পার্কে আজ সকালে প্রথম অনুশীলনে নামার কথা সাকিব আল হাসানদের। এক দিন পর রওনা হওয়া তিন ক্রিকেটার আফতাব আহমেদ, শাহাদাত হোসেন ও মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড পৌঁছাবেন আজ।