এবারও ব্যর্থ রোনালদিনহো

শেষ বাঁশি বেজে উঠতেই মাথা নিচু করে ফেললেন তিনি। স্বপ্নভঙ্গের হতাশা। মাঠ থেকে বেরিয়ে যাবেন বলে একটু জলদি পা চালালেন রোনালদিনহো। কিন্তু একি! হঠাৎ করে রাজা ক্যাসাব্লাঙ্কার সব ফুটবলার ছুটে আসতে লাগলেন তাঁর দিকে।
কী হতে যাচ্ছে প্রথমে বুঝতে পারেননি রোনালদিহো। পরের কয়েকটা মুহূর্ত তাই তাঁর কাছে এল বিস্ময় হয়ে। ঘিরে ধরা ক্যাসাব্লাঙ্কার ফুটবলাররা তাঁর বুট খুলে নেওয়ার জন্য রীতিমতো ধাক্কাধাক্কি শুরু করলেন নিজেদের মধ্যে। অনুমতি নিয়েছিলেন কি না, সেটা টেলিভিশনে দেখে ঠিক বোঝা যায়নি। মনে হয় না কেউ তখন অনুমতির তোয়াক্কা করছিলেন। এই ঠেলাঠেলির পর শেষ পর্যন্ত দুটি বুট পেলেন দুজন। যাঁরা পাননি তাঁরা হাত বাড়ালেন তাঁর গায়ের জার্সির দিকে। হেসে শেষ পর্যন্ত সেটাও খুলে একজনকে দিয়ে দিলেন রোনালদিনহো।
এ দৃশ্য দেখে কে বলবে যাঁর বুট আর জার্সি নেওয়ার জন্য ক্যাসাব্লাঙ্কার ফুটবলাররা এত কাড়াকাড়ি করছেন, তাঁর দলকেই একটু আগে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কোর ক্লাবটি। অ্যাটলেটিকো মিনেইরোকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় আফ্রিকান ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে! ক্যাসাব্লাঙ্কার আগে এই সৌভাগ্য হয়েছিল কঙ্গোর ক্লাব টিপি মাজেম্বের। ২০১০ সালে ফাইনালে ওরা হেরেছিল ইন্টার মিলানের কাছে। আগামীকাল ফাইনালে ক্যাসাব্লাঙ্কার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।
সেমিফাইনালে অ্যাটলেটিকো মিনেইরোর মুখোমুখি হতে হবে নিশ্চিত হওয়ার পরই রোমাঞ্চিত বোধ করছিলেন ক্যাসাব্লাঙ্কার ফুটবলাররা। ম্যাচের আগে মিডফিল্ডার সেমসেদ্দিনে তো আনন্দে বলেই দিয়েছিলেন, ‘রোনালদিহোর সঙ্গে একই মাঠে খেলাটা হবে স্বপ্নের মতো।’ তখনো বোধ হয় ভাবেননি স্বপ্নের তারকার দলকেই এভাবে হারিয়ে দিতে পারবেন তাঁরা। জেতার পর রোলাদিনহোর বুট হাতে নিয়ে যখন মাঠে চক্কর দিচ্ছেন তখনো যেন চোখেমুখে ঘোর লেগেছিল অনেকের।
আর রোনালদিনহো? ২০০৬ সালে বার্সেলোনার হয়ে ফাইনালে উঠেও ফিরতে হয়েছিল ইন্টারন্যাসিওনালের কাছে হারের ক্ষত নিয়ে।
এবার সেমিফাইনালে এই অঘটনের মানে ক্লাব বিশ্বকাপ আরও একবার অধরাই রয়ে গেল ব্রাজিলিয়ান কিংবদন্তির কাছে। এএফপি, সনি সিক্স।