অনেকের চোখেই তিনি সর্বকালের সেরা। মূল বিতর্কটা তাঁর সঙ্গে পেলেকে জড়িয়ে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে লিওনেল মেসিকে। স্বদেশি খুদে জাদুকরের সঙ্গে নিজের তুলনাটা কিন্তু উপভোগই করছেন ডিয়েগো ম্যারাডোনা।‘আমি সত্যিই তুলনা পছন্দ করি না। তা সত্ত্বেও মেসির সঙ্গে তুলনাটা চমৎকার ব্যাপার। আমরা দুজনেই বাঁ পায়ের, আর্জেন্টাইন এবং প্রতিভাবান’—স্বভাসুলভ ভঙ্গিতেই উত্তরসূরিকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যারাডোনা। আল ওয়াসল থেকে সদ্য বরখাস্ত ম্যারাডোনা শিষ্যের প্রশংসা করেছেন আলাদাভাবেও। মেসি বলতে তিনি ‘অজ্ঞান’, পারলে ম্যারাডোনা এ বছরের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারটা প্রিয় শিষ্যের হাতে দিয়ে দেন এখনই।সর্বশেষ তিন বছরই বিশ্বসেরার পুরস্কারটি উঠেছে মেসির হাতে। ফিফা বর্ষসেরা আর ইউরোপিয়ান বর্ষসেরা পুরস্কার দুটি এক হয়ে ফিফা-ব্যালন ডি’অর নাম হওয়ার পর দুবারই জিতেছেন মেসি। এবার জিতলে ফিফা-ব্যালন ডি’অর জয়ের হ্যাটট্রিক করে ফেলবেন। শুধু ফিফা বর্ষসেরা ধরলে টানা চতুর্থ জয়ের হাতছানি। গত মৌসুমে অবিশ্বাস্য পারফরম্যান্সই এগিয়ে রাখছে মেসিকে। গোল করেছেন ৭৩টি! তবে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোও ফিফা-ব্যালন ডি’অরের শক্ত প্রতিদ্বন্দ্বী। উত্তরসূরির পক্ষ নিয়ে ম্যারাডোনা রিয়ালের পর্তুগিজ তারকাকে পাত্তাই দিচ্ছেন না, ‘ক্রিস্টিয়ানো রোনালদো কখনোই মেসির মানের খেলোয়াড় হতে পারবে না। লিওনেলের রোনালদোর মতো শক্তিশালী শটের দরকার নেই। মেসি শুধু নিজের পায়ে বল রেখেই গোলমুখে এগিয়ে যেতে পারে।’ফিফা বর্ষসেরা পুরস্কার অবশ্য রোনালদোই আগে জেতেন, ২০০৮ সালে। মেসি রানারআপ হয়েছিলেন সেবার। আর ঠিক ওই সময়টায় আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছিল ম্যারাডোনার হাতে। কোচ হিসেবে শিষ্যকে দারুণ একটা উপদেশ দিয়েছিলেন ম্যারাডোনা, ‘যখন ক্রিস্টিয়ানো রোনালদো ফিফা-ব্যালন ডি’অর জেতে, আমি মেসিকে বলেছিলাম, ‘দ্বিতীয়বার দ্বিতীয় হওয়া নয়।’শুধু ম্যারাডোনা নন, নেইমারও এবার ফিফা-ব্যালন ডি’অরটা মেসির হাতে দেখতে প্রস্তুত। মেসির জন্য সান্তোসের ব্রাজিলিয়ান তারকা বরং আরও বেশি উচ্চকণ্ঠ। মেসি-রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের জন্য প্রাথমিক তালিকায় আছেন নেইমার নিজেও। তবে প্রকৃত সত্যটা উপলব্ধি করতে পেরে নেইমার নিজেকে সরিয়েই নিচ্ছেন দৌড় থেকে, ‘আমি? না, ব্যালন ডি’অরটা মেসির। কে বিশ্বসেরা? তার মতো একজনও নেই। সে-ই এটা জিতবে। সে গ্রেটেস্ট। প্রতিটি ম্যাচেই সে নতুন কিছু নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটি ব্যালন ডি’অরও মেসির। আমরা সবাই তা জানি।’ ওয়েবসাইট।