এবারও মোহামেডানকে ছাড়াই ঢাকার হকি?
সিটি করপোরেশন নির্বাচনের কারণে আরেক দফা পেছাল প্রিমিয়ার হকি লিগের দলবদল। ২৬, ২৭ ও ২৮ এপ্রিল দলবদল হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে হবে ৫-৭ মে। মৌসুম সূচক টুর্নামেন্ট ক্লাব কাপ শুরু হবে আগামী ২১ মে। দুই দিন পর শুরু হবে প্রিমিয়ার হকি লিগ। গত মৌসুমের মতো এবারও হকি লিগে খেলতে অসম্মতি জানিয়েছে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের বাকি সাত দল—আবাহনী, ঊষা, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স, আজাদ ও ওয়ান্ডারার্স।
গত মৌসুমের মতো এবারও মোহামেডানকে ছাড়াই হয়তো শুরু হবে প্রিমিয়ার লিগ। গতবার অবনমন ছিল না। তবে এবার খেলতে অস্বীকৃতি জানানো দলগুলোকে অবনমিত করার নীতিগত সিদ্ধান্ত নাকি নিয়েছে ফেডারেশন। কাল নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেডারেশন কর্মকর্তা বললেন, ‘আমরা লিগ কমিটিতে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত সব দলের জন্য অপেক্ষা করব। যদি তারা না আসে, তাহলে পরের কার্যনির্বাহী সভায় এটা অনুমোদন করিয়ে নেব।’