এবারও মোহামেডানের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের মতো এবারও জৌলুশ হারাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। কারণ, লিগ বর্জন করার আগের সিদ্ধান্তেই অনড় মোহামেডান, মেরিনার্স, ওয়ারী এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। ফেডারেশন থেকে লিগ কমিটির চিঠি পাওয়ার পর কাল এই চার ক্লাব আবারও হকির বর্তমান কমিটির অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
২২ জানুয়ারির লিগ কমিটির সভায় এই ক্লাবগুলোর প্রতিনিধি চেয়ে গত পরশু চার ক্লাবকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিল ফেডারেশন। কাল ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ‘আমি ব্যক্তিগতভাবে সমস্যাটা সমাধানের জন্য সিনহা ভাই (আবাহনীর হকি কর্মকর্তা আফজালুর রহমান সিনহা), এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) সচিব, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ নেননি। এমনকি ফেডারেশন থেকেও কোনো আন্তরিকতা দেখিনি। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি, এই কমিটির অধীনে খেলব না।’
পরপর দুই মৌসুম না খেললে অবনমিত হয়ে যেতে পারে এই ক্লাবগুলো। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ তেমন আভাসই দিলেন, ‘এই ক্লাবগুলোকে লিগে খেলানোর জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। গত মৌসুমেও তাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম। এ জন্য বারবার দলবদলের সময় বদলেছি। এমনকি রেলিগেশনও রাখিনি। কিন্তু এবার হয়তো সেটা সম্ভব হবে না। পরপর দুই মৌসুম কোনো দল না খেললে এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’