এবারও রহমতউল্লাহর চ্যালেঞ্জ দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-মনোনীত সাধারণ সম্পাদক হয়ে দেড় বছরে অনেক পরিবর্তন এনেছেন হকিতে। এবার এলেন নির্বাচিত সাধারণ সম্পাদক হয়ে। কাল বাংলাদেশ হকি ফেডারেশনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নিলেন খাজা রহমতউল্লাহ। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক সাফায়েত হোসেনের (ডালিম) কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন কাল, আজই কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ডেকেছেন তিনি। ২০১১ সালে ২১ নভেম্বর অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে স্থবির হকিটাকে একটু হলেও চাঙা করে তুলেছিলেন খাজা রহমতউল্লাহ। তাঁর দায়িত্বে থাইল্যান্ডের চতুর্থ এএইচএফ হকি টুর্নামেন্টে ও সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরে দিল্লিতে দ্বিতীয় পর্বে চীনকে হারিয়ে সবার নজর কাড়েন জিমি-চয়নরা।

দুই বছর আগে যখন দায়িত্ব নিয়েছিলেন রহমতউল্লাহ, তখনও খেলোয়াড়দের দলবদল নিয়ে জটিলতা ছিল। প্রায় তিন বছর বন্ধ থাকা দলবদল চালু করেন দায়িত্ব নিয়েই। এবারও তাঁর সামনে একই চ্যালেঞ্জ। বিশেষ করে ৬টি দল যখন বিরুদ্ধে চলে গেছে, কতটা সামলাতে পারবেন এবার? রহমতউল্লাহর উত্তর, ‘সমস্যা থাকে সমাধানের জন্যই। কিন্তু কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে সমস্যা তৈরি করে সেটার সমাধান করা কঠিন। তবে আমি আশা করি সব সমস্যা কেটে যাবে। আমার প্রথম কাজ দলবদল দেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব লিগটাকে মাঠে গড়ানোর চেষ্টা করব। ’

এদিকে কাল এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে ফেডারেশন। ৩৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৮ জন। হাঁটুর চোটের কারণে ক্যাম্পেই যোগ দেননি ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন। ২৫ জনের দল থেকে এ মাসেরই শেষ সপ্তাহে চূড়ান্ত করা হবে ১৮ সদস্যের দল। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মালয়েশিয়ায় হবে এশিয়া কাপ হকি।