এবারও রহস্যের জাল বিছাবেন নারাইন?

চুলের স্টাইলটা কিছুদিন পর পর বদলে যায় তাঁর। কখন কী রূপ নেবে সেটা যেন এক রহস্য! সেই একই রহস্য সুনীল নারাইনের বলেও। একই ওভারে কয়েকটা ভিন্ন রকম বল করে বোকা বানিয়ে দিতে পারেন ব্যাটসম্যানদের। উত্থানটা হয়েছিল ঠিক এ রকম কন্ডিশনেই, আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো পারফরম্যান্স আর ব্যাটসম্যানদের আসরে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়ে চমকে দিয়েছিলেন নারাইন। এবার বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় একই রকম কন্ডিশন পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার। কিছুটা কি সুবিধা হয়ে গেল তাঁর জন্য? জবাবটা ‘হ্যাঁ-সূচক’ হলেও একই সঙ্গে নিজের সামর্থ্যটা জানান দিয়েছেন রহস্য স্পিনার, ‘যেকোনো কন্ডিশনেই আমি কার্যকর ভূমিকা রাখতে পারি। তবে এই ধরনের কন্ডিশন আমাকে আরেকটু সাহায্য করার কথা।’
পরিচিত কন্ডিশনের এই সুবিধাটা অবশ্য তিনি একাই পাবেন না এবার। পাবেন উপমহাদেশীয় দলগুলোর অন্য স্পিনাররাও। তবে নারাইন যে এটা দারুণভাবে কাজে লাগাতে পারেন, সেটার প্রমাণ পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কায় গত আসরেও। ফাইনালে স্বাগতিকদের কাঁদিয়ে ছেড়েছিলেন নারাইন। ৩.৪ ওভার বল করে মাত্র ৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ স্পিনারের বল বুঝতে পারা ব্যাটসম্যানদের জন্য কতটা দুরূহ সেটির প্রমাণ, টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ইকোনমি রেট মাত্র ৫.৯৭। চার-ছক্কার ক্রিকেটে ব্যাটসম্যানদের এতটা নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু নারাইন এতেও সন্তুষ্ট নন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট আসলে ব্যাটসম্যানদের খেলা। এখানে ব্যাটসম্যানরা চাইলে অনেক কিছু করতে পারে, সেই তুলনায় বোলারদের অনেক সীমাবদ্ধতা।’
এই সীমাবদ্ধতার পরও পারফরম্যান্স এত উজ্জ্বল বলেই তো বল হাতে দিন দিন দলের মূল ভরসা হয়ে উঠছেন নারাইন।