এবারও লড়াই ম্যানচেস্টারের!
জুন-জুলাই মাস দুটি সবচেয়ে অসহ্য লাগে তাঁর। এ সময় বেশি বুড়োটে দেখায়। মেজাজ তিরিক্ষি হয়ে যায়। স্ত্রীর সঙ্গে ঝগড়া-ঝাঁটিও নাকি হয়! এই দুই মাস যে খেলা থাকে না! অ্যালেক্স ফার্গুসন বেঁচে থাকার নতুন রসদ, সঞ্জীবনী সুধা পান ফুটবলেই। আজ থেকে যে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুধু হচ্ছে, এই খবরে সবচেয়ে খুশি সম্ভবত ৭০ বছর বয়সী এই ‘তরুণ’ কোচই।প্রথম দিনেই আজ মাঠে নেমে পড়ছে ১৪টি দল। আগামীকাল খেলবে আরও চারটি। তবে ফার্গির অপেক্ষা একটু বাড়ছে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচ আগামী সোমবার, প্রতিপক্ষ এভারটন। এবার প্রমোশন পেয়ে নতুন যুক্ত হয়েছে রিডিং, সাউদাম্পটন ও ওয়েস্টহাম। গতবার রেলিগেশনের খাঁড়ায় পড়ে বাদ গেছে বোল্টন, ব্ল্যাকবার্ন রোভার্স ও উলভারহ্যাম্পটন।নতুন মৌসুমে নতুন রোমাঞ্চ নিয়ে মাঠে নামবেন ফার্গুসন। নিজের রাজত্বের সিকি শতাব্দীতে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, সেটাই এখন তাঁর সামনে। ৪৪ বছর পর নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি গতবার জিতে নিয়েছে লিগ। ফার্গুসন কোনো রাখঢাক না রেখেই বলেছিলেন, ম্যান সিটির কাছে হারাটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা। তার ওপর ইউনাইটেডের শিরোপা হাতছাড়া হয়েছিল একেবারে লিগের শেষ দিন, সিটির নাটকীয় এক জয়ে। ‘এভাবে শিরোপা হাতছাড়া করাটা নির্মম। এই ক্লাবে আমার ২৫ বছরে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়েছি। তবে বেশির ভাগ অভিজ্ঞতাই ছিল দুর্দান্ত। শেষ দিনে আমরা তিন-তিনবার শিরোপাও জিতেছি। কিন্তু আজ জিততে জিততে হেরে গেলাম’—গত মৌসুমের শেষ দিনে বলেছিলেন ফার্গুসন।এবার ইউনাইটেড শক্তিও বাড়িয়েছে। গত মৌসুমে লিগে ৩০ গোল করা রবিন ফন পার্সিকে উড়িয়ে এনেছে আর্নেসাল থেকে। নেওয়া হয়েছে শিনজি কাগাওয়ার মতো প্লে-মেকারকেও। এবারও লড়াইটা ম্যানচেস্টারের দুই ক্লাবের মধ্যেই হতে চলেছে। তবে ২০০৭ সালে হোসে মরিনহোর বিদায়ের পর ষষ্ঠ কোচ হিসেবে চেলসিতে আসা রবার্তো ডি মাত্তেওর দিকেও নজর থাকবে। গতবার চমকে দিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মাত্তেও। কিন্তু অলৌকিক ঘটনা রোজ রোজ ঘটে না। এবারই হবে তাঁর আসল পরীক্ষা। শীর্ষ দলগুলোর মধ্যে চেলসিতেই হয়েছে বেশি পরিবর্তন। দিদিয়ের দ্রগবা, সলোমন কালুরা চলে গেছেন। সেই শূন্যস্থান পূরণ করতে এসেছেন এডেন হ্যাজার্ড, মার্কো মারিন আর অস্কার। আর্সেনালের মধ্যে হয় খেলোয়াড় কেনার চেয়ে বেচাতেই বেশি আগ্রহ! গতবার সেস ফ্যাব্রিগাস আর সামির নাসরির পর এবার ফন পার্সিও গেলেন। গানাররা অবশ্য এবার লুকাস পোডলস্কি আর সান্তি কাজোরলাকে কিনেছে। যদিও পোডলস্কির সাম্প্রতিক ফর্ম খুব বেশি আশা-জাগানিয়া নয়। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট। গত এক দশকের চ্যাম্পিয়ন ২০১১-১২ ম্যানচেস্টার সিটি ২০১০-১১ ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৯-১০ চেলসি২০০৮-০৯ ম্যানচেস্টার ইউনাইটেড২০০৭-০৮ ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৬-০৭ ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৫-০৬ চেলসি ২০০৪-০৫ চেলসি ২০০৩-০৪ আর্সেনাল ২০০২-০৩ ম্যানচেস্টার ইউনাইটেড