এবারও স্বপ্নভঙ্গ সৌদির
চার মিনিটের এক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সৌদি আরবের বিশ্বকাপ-স্বপ্ন। পরশু মেলবোর্নে ২০১৪ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে জিতলেই চলত সৌদিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পথে কিছুটা এগিয়েও গিয়েছিল তারা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যাওয়া ফ্রাঙ্ক রাইকার্ডের দল ৭২ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল অগ্রগামিতা। কিন্তু এরপরই চার মিনিটের ওই ঝড়। আর তাতেই তিনবারের এশীয় চ্যাম্পিয়ন ও চারবার বিশ্বকাপ খেলা সৌদি আরব টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ হারাল। এই সুযোগে ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে ওমান ২-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে উঠে গেছে পরের পর্বে। অস্ট্রেলিয়া পরের পর্ব নিশ্চিত করেছিল আগেই। সংশয়ে ছিল দক্ষিণ কোরিয়ারও পরের পর্বে ওঠা। ‘বি’ গ্রুপের ম্যাচে কুয়েতকে ২-০ গোলে হারিয়ে সেই শঙ্কা দূর করেছে এশিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ আটবার বিশ্বকাপ খেলা দক্ষিণ কোরিয়ানরা। কোরিয়ার এই জয়ে শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হারা লেবাননও উঠে গেছে চতুর্থ পর্বে। এ ছাড়া ‘এ’ গ্রুপ থেকে ইরাক ও জর্ডান, ‘সি’ গ্রুপ থেকে উজবেকিস্তান ও জাপান এবং ‘ই’ গ্রুপ থেকে ইরান ও কাতার নিশ্চিত করেছে পরের পর্ব। রয়টার্স।