এবারও হলো না টেন্ডুলকারের!
মঞ্চ প্রস্তুতই ছিল। শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিকে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন শচীন টেন্ডুলকার। স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৭৬ রান তুলে ফেলেছিলেন ব্যক্তিগত স্কোরবোর্ডে। কিন্তু আবারও হতাশ হতে হলো ভক্তকুলকে। দেবেন্দ্র বিশুও বলে এলবিডব্লিউ হয়ে গেলেন এই জীবন্ত কিংবদন্তি। দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে আবার ছড়িয়ে পড়ল শচীন রমেশ টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি উদযাপিত না হওয়ার দীর্ঘশ্বাস।দিল্লি টেস্টে অভাবিত কিছু না ঘটলে ভারতই জিততে যাচ্ছে। ছয় উইকেট হাতে রেখে জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র অল্প কিছু রান (এ প্রতিবেদন লেখার সময় ৪০ রান)। কিন্তু পুরো ব্যাপারটিই বড্ড ম্যাড়মেড়ে হয়ে গেল টেন্ডুলকার সেঞ্চুরি না পাওয়ায়। তবে টেন্ডুলকারকে নিয়ে আফসোস করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কৃতিত্বকে খাটো করলে চলবে না। নিজেদের বোলিং ক্যারিশমাতেই তো তাঁরা টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়েছে প্যাভিলিয়নের পথে। বিশু টেন্ডুলকারকে আউট করার এ মুহূর্তটি মনে রাখবেন অনেক দিন।