চ্যাম্পিয়নস ট্রফির ‘টি-টোয়েন্টি’ ফাইনালটার স্মৃতি এখনো টাটকা। দুই দিন পর এজবাস্টনের ভূতটাকেই যেন ওভালে নিয়ে এল ইংল্যান্ড। ভেন্যু বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, ছদ্ম টি-টোয়েন্টি থেকে এবার আসল টি-টোয়েন্টি। কিন্তু পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশরা হারল ওই ৫ রানেই। এবার অবশ্য দলটিকে হাঁটতে হয়েছে ২০২ রানের দুর্গম লক্ষ্যকে পাখির চোখ করে। টস জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ডের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। ইংল্যান্ডের হয়ে প্রথম খেলতে নেমেই চতুর্থ বলে উইকেট। আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডকে বেছে নেওয়া ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার পেসার বয়েড র্যাঙ্কিনের অভিষেকটা মনে রাখার মতোই হলো। অন্য বোলাররা যখন কিউই ব্যাটসম্যানদের তাণ্ডবে ছন্নছাড়া, এক র্যাঙ্কিনই ব্যতিক্রম (৪-০-২৪-১)। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান (৪৮ বলে) অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। তবে সেরা ইনিংসটি খেলেছেন হামিশ রাদারফোর্ড। ৩৫ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৬২ রান এই ওপেনারের। নিউজিল্যান্ডের ৪ উইকেটে ২০১ রানের সংগ্রহে বড় ভূমিকা ম্যাককালাম-রাদারফোর্ডের ১১৪ রানের জুটির। ইংল্যান্ডের দুই ওপেনার লাম্ব (১৫ বলে ২৯) ও হেলস (২৯ বলে ৩৯) মিলে ২২ বলেই ৫০ রান তুলে ফেলেছিলেন। এরপর রাইট (৩৪ বলে ৫২) ও বোপারা (১৮ বলে অপরাজিত ৩০) চেষ্টা করলেও লক্ষ্যটা অনতিক্রম্যই থেকে যায়। আজ ওভালেই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। যেটিতে প্রায় তিন মাস পর ইংল্যান্ডের হয়ে মাঠে নামবেন কেভিন পিটারসেন। ইংল্যান্ড তো খুশি হবেই, প্রতিপক্ষ অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও কেপি ফিরছেন বলে খুব খুশি। পিটারসেনের মতো খেলোয়াড়েরা খেললে ‘খেলাটাই যে আরও ভালো হয়ে যায়’ বলে মনে করেন তিনি। এএফপি।