এবারে পেদ্রোর চোখ ইউরোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল কিংস কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুটি গোল করেছেন পেদ্রো। তাঁর দল বার্সেলোনাও শিরোপা জিতেছে ৩-০ গোলের জয় দিয়ে। এখন মৌসুমের শেষ পর্যায়ে এই ভালো পারফরমেন্সের পর জাতীয় দলের হয়েও ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। তিনি আশাবাদী যে ইউরো ২০১২ আসরে তিনি আবারও স্পেন দলে জায়গা করে নিতে পারবেন।২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেদ্রো। কিন্তু তারপর বেশ কয়েকবার ইনজুরির কবলে পড়ে আলোচনার বাইরেই ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে আবারও সেই পুরোনো ফর্মে ফিরে এসেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করে সে কথা প্রমাণও করেছেন বেশ ভালোভাবেই। এখন স্পেনের ইউরো মিশনেও নিজের জায়গাটা করে নিতে পারবেন বলে আশা করছেন পেদ্রো। গতকাল স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এই বছরটা আমার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু আশা করছি আমি ইউরোতে খেলতে পারব। আমি এ ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। এখন অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভারটা কোচের ওপর।’কাল রোববার হয়তো ইউরো কাপের জন্য স্পেনের দল ঘোষণা করবেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ইউরোপের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা শুরুর কিছুদিন আগে ডেভিড ভিয়া ইনজুরির কবলে পড়ায় দলে অন্তর্ভুক্তির সুযোগটা আরও বেড়ে গেছে পেদ্রোর। গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি শেষে বার্সেলোনার বিদায়ী কোচ পেপ গার্দিওলাও ভূয়সী প্রশংসা করেছেন পেদ্রোর। তিনি বলেছেন, ‘পেদ্রো সব সময়ই আপনাকে অবাক করবে। সে গোল করার ক্ষেত্রে খুবই পারদর্শী।’ এ সময়ের অন্যতম সেরা কোচ গার্দিওলার এই মন্তব্যটাও হয়তো হালকাভাবে নেবেন না স্পেনের কোচ দেল বস্ক। তবে শেষ পর্যন্ত পেদ্রো ইউরো মিশনে থাকতে পারবেন কি না, তা জানার জন্য দল ঘোষণা হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে।—রয়টার্স