এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি সিমন্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি সিমন্সের। ছবি: বিসিসিআই
এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি সিমন্সের। ছবি: বিসিসিআই

চাচা ফিল সিমন্সের মারকুটে ব্যাটসম্যান হিসেবে কোনো সুখ্যাতি ছিল না। ভাস্তে লেন্ডল সিমন্সও খুব বেশি তেড়েফুঁড়ে খেলেন না সাধারণত। সেই সিমন্সের হাত ধরেই এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিটি এল, সেটিও ৪৮তম ম্যাচে এসে। সিমন্সের অপরাজিত সেঞ্চুরির সৌজন্যে পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মুম্বাই।
প্রথমে ব্যাট করে মনন বোহরা, শন মার্শ ও জর্জ বেইলির তিনটা ত্রিশের ঘরের ইনিংসের সুবাদে ১৫৬ রান তুলেছিল এই আসরে একেবারেই সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত খেলতে থাকা পাঞ্জাব। কিন্তু মাইক হাসির সঙ্গে সিমন্সের উদ্বোধনী জুটিতেই আসা ৬৮ ম্যাচের ভাগ্য অনেকটাই ঠিক করে দেয়। ‘হাসির সঙ্গে জুটি’ বলা হলো বটে, তবে এই জুটিতে হাসির অবদান মাত্র ৬, ৫৫-ই এসেছে সিমন্সের ব্যাট থেকে, বাকিটা অতিরিক্ত খাতের।
এখান থেকেও আন্দাজ করে নেওয়া যায় শুরু থেকেই কতটা মারমুখী মেজাজে ছিলেন সিমন্স। ফিফটি তুলেছেন ২৭ বলে। প্রথম ৫০-এর মধ্যে শুধু চার থেকেই তুলেছেন ৪০। শেষ পর্যন্ত ৬১ বলে ১৪টি চার ও ২ ছক্কায় ঠিক ১০০ রান তুলে অপরাজিত ছিলেন।
এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের খুব বেশি লাভ যে হয়েছে তা কিন্তু নয়। কিংস ইলেভেন পাঞ্জাবেরও যেমন খুব বেশি ক্ষতি হয়নি। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাবের প্লে অফ রাউন্ডে যাওয়া যতটা নিশ্চিত, সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া মুম্বাইয়ের ভাগ্য ততটাই অনিশ্চিত।