এবারের জ্যোতিষী পান্ডা!

এমনিতেই ফুটবল পণ্ডিতের সংখ্যা অগণ্য৷ বিশ্বকাপ এলে পণ্ডিতের সংখ্যাও বেড়ে যায় অনেক৷ পেলে-ম্যারাডোনা-বেকেনবাওয়ার-ক্রুইফদের সঙ্গে তখন পণ্ডিত হয়ে যায় আমজনতাও৷ তবে গত বিশ্বকাপে সবাইকে ছাপিয়ে গিয়েছিল এক ‘অমানব’ পণ্ডিত৷ একের পর এক ম্যাচের ফলাফলের সঠিক ভবিষ্যদ্বাণী করে রোনালদো-মেসিদের সঙ্গে পাল্লা দিয়ে তারকা খ্যাতি পেয়েছিল জার্মান এক অক্টোপাস ‘পল’৷ এবার পলের উত্তরসূরি হয়ে আসছে কয়েকটি চীনা পান্ডা! ব্রাজিল বিশ্বকাপের ম্যাচগুলোর ফলাফল আগেই জানিয়ে দেবে সিচুয়ান প্রদেশের ‘দ্য জায়ান্ট পান্ডা প্রটেকশন অ্যান্ড িরসার্চ সেন্টার’-এর কয়েকটি পান্ডা৷
ভবিষ্যদ্বাণী করার জন্য বেছে নেওয়া হয়েছে এক থেকে দুই বছর বয়সী বেশ কয়েকটি পান্ডা৷ জ্যোতিষী হওয়ার জন্য বেশ ঘাম ঝরাতে হবে তাদের৷ প্রথম রাউন্ডের ম্যাচের জন্য জয়, ড্র ও পরাজয় লেখা তিনটি বাঁশের ঝুড়ি থাকবে৷ পান্ডাগুলোর সবার গায়ে থাকবে আলাদা পোশাক৷ দৌড়ে সবার আগে যে পান্ডা যে ঝুড়িটি ছোঁবে, সেটিকেই ধরে নেওয়া হবে ফল৷ নকআউট পর্বের জন্য প্রতিদ্বন্দ্বী দুই দেশের পতাকা অাঁকা দুটি গাছে উঠতে হবে পান্ডাদের৷ যে গাছের পান্ডা আগে উঠতে পারবে মাথায়, সেটিকেই ধরে নেওয়া হবে জয়ী৷
তবে চার বছর আগে যে মানদণ্ড বেঁধে দিয়েছে পল, সেটির কাছাকাছি কিছু করতে হলেও পান্ডাদের হতে হবে অব্যর্থ৷ জ্যোতিষী হিসেবে পলের আবির্ভাব ২০০৮ ইউরোতে৷ সেবার ছয়টি ম্যাচের চারটির ফল ঠিকঠাক বলেছিল ‘সি লাইফ অ্যাকুরিয়ামে’র অক্টোপাস৷ তবে ওই আটপেয়ে প্রাণী ফুটবল বিশ্বে হইচই ফেলে দেয় ২০১০ বিশ্বকাপে শতভাগ সাফল্য দেখিয়ে৷ মূলত জার্মানির ম্যাচেরই ভবিষ্যদ্বাণী করত পল৷ জার্মানির সাত ম্যাচের ফলই আগাম সঠিক বলে দেওয়ার পর ফাইনালের ফলও আগেই বলে দিয়েছিল ঠিকঠাক৷ ওই বছরেরই অক্টোবরে মারা যায় পল৷
এবার পান্ডারা পল হতে পারবে কি না, জানা যাবে সময়েই৷ তবে বিশ্বকাপে ‘অমানব’ পণ্ডিতেরও অভাব হয় না৷ পলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই যেমন ছিল সিঙ্গাপুরের মনি (টিয়া পাখি), আর্জেন্টিনার সেকো (ডলফিন), হল্যান্ডের পিনো (শিম্পাঞ্জি)৷ তবে ‘পল’ হতে পারেনি কেউ৷ পান্ডারা কি পারবে? এএফপি, ওয়েবসাইট৷