এবারের মিশন ব্যাংকক-কুয়ালালামপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার সংস্কৃতি বাংলাদেশের ফুটবলে যোগ করেছে নতুন মাত্রা। দুই মাসের ব্যবধানে লাল-সবুজের দল খেলছে তিনটি প্রীতি ম্যাচ, যার প্রথমটি ছিল গত ২০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে। নেপাল জাতীয় দলের বিপক্ষে ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। প্রথম গন্তব্য ব্যাংকক। ১৭ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড জাতীয় দল। তৃতীয় ম্যাচটা ঠিক হয়েছে হঠাৎই। ব্যাংকক থেকে বাংলাদেশ দল যাবে কুয়ালালামপুর। ২০ নভেম্বর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া জাতীয় দল। নেপালের ম্যাচটির মতো এ দুটিও পাচ্ছে ফিফা প্রীতি ম্যাচের মর্যাদা।নেপাল সফরে দলে ছিলেন ২৩ জন খেলোয়াড়। ব্যাংকক-কুয়ালালামপুর মিশনে খেলোয়াড় ২০ জন। এর মধ্যে নেপাল সফরে দল থেকে বাদ পড়েছেন সাতজন। দলে নেই গোলরক্ষক টিটু, জিয়া, ডিফেন্ডার রায়হান, মিডফিল্ডার শাহেদ, আলমগীর রানা, স্ট্রাইকার আনোয়ার। সোহেল রানা যেতে পারছেন না পাসপোর্ট সমস্যায়। দলে একেবারেই নতুন মুখ বিজেএমসির ডিফেন্ডার কেষ্ট কুমার। এ ছাড়া কোচ সাইফুল বারী ফিরিয়েছেন মেজবাবুল মানিক, গোলরক্ষক সোহেল ও মামুন খানকে। বাংলাদেশ দল: সুজন (অধিনায়ক), মোস্তাক, সোহেল, মামুন খান, আতিকুর, কেষ্ট কুমার, রেজাউল, ওয়ালি ফয়সাল, লিংকন, মামুন মিয়া, শাখাওয়াত রনি, মেজবাবুল মানিক, শাকিল, প্রাণতোষ, মামুনুল, বাতেন, নাসিরউদ্দিন, মিঠুন, জাহিদ ও এমিলি।