এবারের মৌসুমে নেই বোল্ট-ব্লেকের দ্বৈরথ
সদ্য শেষ হওয়া লন্ডন অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ ছিল উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেকের দ্বৈরথ। অলিম্পিকের আগে ১০০ মিটার দৌড়ে বোল্টকে একবার হারের স্বাদ দিলেও অলিম্পিকে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারেননি ব্লেক। টানা দ্বিতীয়বারের মতো ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলের সোনা জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন উসাইন বোল্ট। ১০০ মিটারে দ্বিতীয় অবস্থানে থেকে রুপা জিতেছেন ব্লেক। তবে এবারের অ্যাথলেটিক মৌসুমে এই দুই জ্যামাইকান দৌড়বিদের দ্বৈরথ আর দেখা যাবে না বলে ইঙ্গিত দিয়েছেন ব্লেকের ম্যানেজার কিউবি সিগোবিন।আগামীকাল বৃহস্পতিবার ডায়মন্ড লিগের ২০০ মিটারে দৌড়াবেন উসাইন বোল্ট। অন্যদিকে অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারে রুপাজয়ী ব্লেককে দেখা যাবে ১০০ মিটারের ট্রাকে। এবারের মৌসুমে তাই বোল্টের বিপক্ষে নিজের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন না ব্লেক। আর এ ব্যাপারে প্রশ্ন করা হলে সবকিছুই ম্যানেজারের ওপর ছেড়ে দিয়েছেন এই জ্যামাইকান অ্যাথলেট। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি সব সময়ই বোল্টের বিপক্ষে দৌড়াতে পছন্দ করি। কিন্তু এ বিষয়ে সবকিছু আমার ম্যানেজারই বলতে পারবে।’ ব্লেকের ম্যানেজার কিউবি সিগোবিন এ বিষয়ে বলেছেন, ‘কোচ গ্লেন মিলস ব্লেককে একটা প্রোগ্রাম ঠিক করে দিয়েছেন। আর এটা সাধারণ মানুষের ইচ্ছার সঙ্গে সংগতি রেখেই করা হয়েছে। ব্যাপারটা ম্যানেজার, মিটিং ডিরেক্টর ও স্পনসররাই নির্ধারণ করেন।’তবে এবার না হলেও হয়তো আগামী মৌসুমেই আবার পাশাপাশি দৌড়াতে দেখা যাবে বোল্ট ও ব্লেককে ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে। আর মস্কোয় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দিকেই এখন বেশি মনোযোগ দিচ্ছেন ইয়োহান ব্লেক। তিনি বলেছেন, ‘এই মৌসুমে আমার লক্ষ্য আরও ভালোভাবে দৌড়ানো, কৌশলগত দিকগুলো উন্নয়ন করা। আর ইনজুরির কবলে যেন না পড়ি, সেদিকেও নজর রাখতে হবে আমাকে। ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’