এবারের স্লোগান ‘পাকিস্তান-বধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপালে তখনো ঘাম চকচক করছে। পরপর কয়েকটা প্রশ্নের ঝাঁপটা সামলে একটু জিরিয়ে নিলেন সাকিব আল হাসান। মাইক্রোফোনের আরেকটু কাছে এগিয়ে এসে বললেন, ‘এবার আমাদের সামনে সত্যিকারের সুযোগ আছে। পাকিস্তানের ক্রিকেট এখন নানা বিতর্কে জর্জরিত। ওদের দলটাও এলোমেলো হয়ে আছে। এই সুযোগটা কাজে লাগাতে চাই। পাকিস্তানকে হারিয়ে শুরু করতে চাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।’ আজ রাতেই তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়ে যাওয়ার কথা বাংলাদেশ দলের। বিশ্বকাপ-যাত্রার আগে প্রথামতো গতকাল সংবাদ সম্মেলনে কথা বললেন দলের কোচ, অধিনায়ক, সহ-অধিনায়ক। বাড়তি হিসেবে সাংবাদিকদের সামনে হাজির করা হলো পুরো বাংলাদেশ দলকেই। দলের সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে ছোট্ট একটা সংবাদ সম্মেলনে জানানো হলো, ৪০ লাখ টাকার বিনিময়ে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের স্পনসর হচ্ছে এবি ব্যাংক। দল যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, তাহলে প্রতি ম্যাচের জন্য বাড়তি ৫ হাজার ডলার করে দেবে এবি ব্যাংক। এই টাকাটা কি এনে দিতে পারবেন সাকিবরা?বাংলাদেশ দলের প্রায় সবাই দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখালেন। বাংলাদেশ দলের প্রায় সব সদস্যের কণ্ঠেই বিশেষ করে শোনা গেল ‘পাকিস্তান-বধ’-এর পরিকল্পনা। ইচ্ছে করলে ইতিহাসের সঙ্গে ব্যাপারটাকে একটু মিলিয়ে নিতে পারেন। সেই ওয়েস্ট ইন্ডিজ, আরেকটা বিশ্বকাপ। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের স্লোগান ছিল ‘ভারত-বধ’। বিস্ময়করভাবে সেটা বাস্তবেও পরিণত হয়েছিল। এবার পাকিস্তানকে হারানোর স্লোগানটা কতটা বাস্তবসম্মত?কোচ জেমি সিডন্স তাঁর শিষ্যদের মতো অতটা স্বপ্নচারী নন, ‘গ্রুপের দু দলের কাউকে হারানোটাই খুব সহজ নয়। একদল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। আরেকটি বিশ্বসেরা ক্রিকেট দল। তার পরও আমি মনে করি আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে।’মাশরাফি বিন মুর্তজা অবশ্য কোচের মতো কৌশলী কথা বলেননি। সোজা বলে দিলেন, পাকিস্তানকে হারাতে হবে, ‘আসলে এখানে ম্যাচই হচ্ছে দুটো। ফলে প্রথম ম্যাচে প্রতিপক্ষ যারাই হোক, তাদের বিপক্ষে আমাদের জিতে শুরু করতে হবে। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলে আমি মনে করি অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব।’মাশরাফি ‘সম্ভব’ বললে সেটিকে একটু আলাদাভাবেই দেখা উচিত। মাশরাফি ‘হবে’ বলাতেই যে সেবার ভারতকে হারানো সম্ভব হয়েছিল। এবারও মাশরাফি বড় তুরুপের তাস হতে পারেন বলে মনে করছেন কোচ সিডন্সই, ‘গত কয়েকটা ম্যাচে ওর খেলা দেখে অনেক ভালো মনে হয়েছে। মনে হয়েছে মাশরাফি অন্তত নাইনটি পারসেন্ট ভালো অবস্থায় আছে। আর নাইনটি পারসেন্ট মাশরাফি ইজ গুড এনাফ ফর বাংলাদেশ।’অধিনায়ক সাকিব অবশ্য মাশরাফির উপস্থিতিতেই মহা আনন্দিত, ‘উনি কেমন খেলবেন সেটা পরের কথা। উনি দলের সঙ্গে থাকাই একটা বাড়তি পাওয়া। উনি থাকলে দলের সবাই খুব চাঙা থাকে।’সে প্রমাণ ২০০৭ বিশ্বকাপে মাশরাফি দিয়েছিলেন। নিজে পারফরম করেছিলেন। আর স্লোগান তুলে দিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। সেবার ভারত-বধে মাশরাফি ছাড়া আরেক নায়ক হয়ে উঠেছিলেন মুশফিকুর রহিম। তিনিও এবার ‘পাকিস্তান-বধের’ স্লোগান দিচ্ছেন।পরীক্ষার কারণে সদ্য শেষ হওয়া এনসিএলে অংশ নিতে পারেননি মুশফিকুর। তাতে নিজের ম্যাচ প্র্যাকটিসের একটু ঘাটতি হলেও দল নিয়ে খুব আশাবাদী মুশফিকুর, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেট আমাদের জন্য খুব উপযোগী হয়। ওখানে আমরা পাকিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা করতেই পারি।’এই বড় আশার বিপরীতে বাস্তবতা কী বলে? এ পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৩টি জয় পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ১০টি ম্যাচেই হার। ২০০৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টাই এখনো সর্বশেষ জয়ের স্মৃতি। এমন দল কী করে এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখে?জেমি সিডন্স দলের ভালো প্রস্তুতিকে সম্বল করতে চাইছেন, ‘পিসিএল আর সর্বশেষ যে টুর্নামেন্টটি হলো (এনসিএল) দুটিই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দুটিতেই ছেলেরা ভালো রান তাড়া করেছে, ভালো বল করেছে। আশা করি, এগুলোকে কাজে লাগিয়ে আমরা ভালো করতে পারব।’সাকিবের প্রত্যাশা ব্যাটসম্যানদের কাছ থেকে বেশি। যদিও জাতীয় দলের ব্যাটসম্যানরা এনসিএলে খুব একটা রান পাননি, তার পরও ব্যাটসম্যানদের দিকেই চেয়ে আছেন সাকিব, ‘আমি জানি আমাদের হাতে সাইমন্ডস বা গিলক্রিস্টের মতো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ব্যাটসম্যান নেই। তার পরও আমাদের তামিম, নাঈম ভাই, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আছে। ওনারাই পারেন অনেক কিছু করে ফেলতে।’