এবারের 'টাই'য়ে প্রোটিয়াদের হাসি
টাই! এত দিন এই শব্দটা যেন দক্ষিণ আফ্রিকার গলা চেপে ধরত অদৃশ্যে। এই টাইয়ের ফাঁদে পড়েই দু-দুবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডোনাল্ড-ক্লুজনারের পাগুলে দৌড়ে হাতের মুঠো থেকে ফসকে যায় জয়। ২০০৩ বিশ্বকাপে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা পড়ে গিয়েছিল আরও বড় ধাঁধায়। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোলমাল করে বসে হিসাবে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের মতো রান তোলা হয়ে গেছে ভেবে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে শেষ বলটায় ইচ্ছে করেই কোনো রান নেননি মার্ক বাউচার। সর্বনাশ হয় তাতেই। ড্রেসিংরুমে ফিরে বাউচাররা জানলেন, জয় নয় ম্যাচটা টাই হয়েছে। গ্রুপ পর্ব থেকেই বিদায়!
১০ বছর পর ক্রিকেটের আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টে টাই করে হাসল দক্ষিণ আফ্রিকা। পরশু কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাই করেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ৩১ ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৩১ রানের লক্ষ্য দিতে পারে এবি ডি ভিলিয়ার্সের দল। শুরুতে পিছিয়ে থাকলেও স্যামুয়েলস-পোলার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের সুবাস পাচ্ছিল ক্যারিবীয়রা। ২৬ ওভার পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজই। ২৭তম ওভারের প্রথম বলটায় কাইরন পোলার্ডের আউটই ঘুরিয়ে দেয় ম্যাচের ফল। ম্যাচটা হয়ে যায় টাই।
দল পিছিয়ে ডি/এল স্কোরে, আম্পায়াররা একটু আগে খেলা শেষ করলেই ফল হতো উল্টো। তাই ম্যাচের শেষ মুহূর্তগুলো উদ্বেগেই কেটেছে ডি ভিলিয়ার্সের, ‘ওই সময়টায় প্রায় আধঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল। এটা জানা কঠিন ছিল আম্পায়াররা কখন ম্যাচ শেষ করবেন।’ এরপরই পোলার্ডের ওই আউট ও ম্যাচের সমাপ্তি। ডি ভিলিয়ার্স যেটাকে নিয়েছেন উপহার হিসেবে, ‘ভাগ্যের ছোঁয়ায় এবার আমরা সেমিফাইনালে। এ ধরনের ম্যাচে আমরা আগে উল্টো ভাগ্য বরণ করেছি, তাই আমি খুব খুশি।’
পোলার্ডের আউটেই ঘুরেছে ম্যাচের ফল, বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো খলনায়ক বানাতে চান না পোলার্ডকে, ‘আমরা কেন তাকে দোষ দেব? তার ও স্যামুয়েলসের ইনিংসই তো আমাদের এত দূর এনেছে। কাইরন তার কাজ করেছে। দুর্ভাগ্য সে আউট হয়ে গেছে।’ এএফপি।