এভাবে আলোচনায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীভাবে যেন ফসকে গেল বলটা। ধীরে ধীরে বল গড়িয়ে গোল লাইন পার হয়ে গেল। পেছন থেকে হাচড়ে-পাচড়ে এগিয়ে চেষ্টা ব্যর্থ হলো গোলরক্ষকের।বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অদ্ভুতুড়ে গোল নিয়ে যেসব ধারাবাহিক দেখানো হয়, এটিও সেই ধরনের একটি গোল। তবে ঘটনাটা পুরোনো ফুটেজ ঘেঁটে খুঁজে বের করতে হয়নি। রাস্টেনবার্গের দর্শকদের সরাসরি এই দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিলেন ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিন।এমন গোল হজম করলে সংবাদমাধ্যমের তোপের মুখে যে কারও পড়ার কথা। রবার্ট গ্রিন আরও বেশি তোপের মুখে পড়েছেন, কারণ তাঁর সমালোচকদের নাম ‘ইংলিশ মিডিয়া’। ইংল্যান্ডের পত্রপত্রিকায় সে দেশের ফুটবল ইতিহাসের জঘন্যতম কেলেংকারি, জঘন্য পারফরম্যান্স বলে অভিহিত করা হচ্ছে।‘হ্যান্ড অব গড’-এর সঙ্গে মিলিয়ে দ্য সানডে পত্রিকা শিরোনাম করেছে—হ্যান্ড অব ক্লড; মানে ‘কাদামাটির হাত’! সঙ্গে পত্রিকাটি ফ্রেম করে করে ছাপিয়ে দিয়েছে গ্রিনের ওই বল মিসের দৃশ্য। সানডে মিরর শিরোনাম করেছে ‘কলঙ্কিত দস্তানা’! দ্য সানডে এক্সপ্রেস লিখেছে, ‘আমাদের সবার দোহাই, সে এখন চলে যাক।’ দ্য মেইল বড় বড় করে শিরোনাম করেছে, ‘দুঃস্বপ্নের শুরু’। দ্য সানডে টাইমস-এ লেখা হয়েছে, ‘এই কেলেংকারি বাকি ক্যারিয়ারজুড়ে তাঁকে তাড়িয়ে বেড়াবে।’ দ্য মিরর-এ ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার টেরি বাউচার লিখেছেন, ‘আমার জীবনে দেখা ইংল্যান্ডের গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে জঘন্য কেলেংকারিটা করেছে গ্রিন।’যতই কেলেংকারি করুন, গ্রিন তাঁর কোচ-অধিনায়ককে অন্তত পাশে পাচ্ছেন। অধিনায়ক স্টিভেন জেরার্ড বলছেন, এটা একটা ভৌতিক গোল। এই গোলের জন্য গ্রিনকে দায় না দিয়ে বরং ‘জাবুলানি’কে দায়ী করা উচিত বলে মনে করছেন জেরার্ড। ‘এটা আসলে একটা ভুতুড়ে ব্যাপার। আমি এ জন্য গোলরক্ষককে দায় দেওয়া উচিত বলে মনে করি না। লোকে তো এই বলেরই সমালোচনা করছে। ফলে আমাদের রবার্টের পাশে দাঁড়ানো উচিত, ওকে সমর্থন দেওয়া উচিত।’কোচ ক্যাপেলোও বলছেন, তাঁরা গ্রিনকে সমর্থন দিচ্ছেন। তবে গ্রিন সবচেয়ে বড় সমর্থনটা পাচ্ছেন নিশ্চয়ই খোদ ডেভিড জেমসের কাছ থেকে। ইংলিশ দলে গ্রিনের প্রতিদ্বন্দ্বী জেমস বলছেন, ‘গোলরক্ষকদের ভুল হয়ই। রবার্ট একটা ভুল করেছে, আবার দ্বিতীয়ার্ধে ভালো একটা সেভ করেছে। এসব ভুল দুই মিনিটের বেশি সঙ্গে থাকে না।’আসলেই কি তাই! এই ভুল কি ‘দুই মিনিটে’ গ্রিনের পিছু ছাড়বে? এএফপি, ওয়েবসাইট।