
প্রশ্নটা করতেই রেগেমেগে আগুন হয়ে গেলেন পার মার্টেসেকার। ‘এসব আমি গ্রাহ্য করি না। শেষ আটে উঠেছি, ব্যস!’—এক টানে কথাটা বলে দম নিলেন জার্মান ডিফেন্ডার।
তা মার্টেসেকার হঠাৎ করে এমন খেপলেন কেন ? সংবাদ সম্মলনে এমন কোনো খোঁচামারা প্রশ্নও তাঁকে করা হয়নি। শুধু জানতে চাওয়া হয়েছিল মাঠে জার্মানিকে কেন এমন ছন্নছাড়া মনে হলো? দৈত্যাকৃতির এই ডিফেন্ডার বলে বসলেন, ‘আমার কাছ থেকে আপনারা কী চান? আপনি কি মনে করেন শেষ ষোলোতে কোনো দল উৎসব করতে এসেছে! আমরা কি সুন্দর খেলে আবারও বাদ পড়ে যাব? আসলেই, আমি আপনাদের এসব প্রশ্ন বুঝতে পারি না। আমরা ১২০ মিনিট খেলেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি। আমার মনে হয় জয় আমাদের প্রাপ্য ছিল।’
মার্টেসেকারের এমন অগ্নিশর্মা হওয়ার কারণটা অবশ্য অনুমেয়। আলজেরিয়ার সঙ্গে সবাই যেখানে তাদের জিতিয়েই দিয়েছিল, সেখানে হোঁচট খেতে খেতে বেঁচে গেল জার্মানি। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলের জয়টা পেতে রীতিমতো প্রাণপাতই করতে হয়েছে। মার্টেসেকারের ক্ষোভের বিস্ফোরণ কি সেই হতাশা থেকেই?
হতাশাটা চোখেমুখে ছিল জোয়াকিম লোয়েরও। ডাগআউটে জার্মানি কোচের অসহিষ্ণু মুখটা চোখে পড়ছিল প্রায়ই। সময় গড়িয়ে যাচ্ছে, দল গোল করতে পারছে না। এদিকে সুযোগ পেলেই প্রতিপক্ষ আক্রমণ করছে। এই ম্যাচটা এত ঘাম ঝরিয়ে জিততে হবে লো হয়তো সেটা কল্পনাও করেননি। ম্যাচ শেষে বললেন, ‘আজ আমরা অনেকটা ইচ্ছাশক্তির কারণেই জিতেছি। প্রথমার্ধে আমরা জঘন্য খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে ও অতিরিক্ত সময়ে আমরা ভালোই করেছি। দ্বিতীয়ার্ধে গিয়েই আসলে আমাদের ম্যাচ জেতা উচিত ছিল। আমরা অনেক ভুল পাস দিয়েছি।’
কোয়ার্টার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স। লো জানেন সেদিন এমন খেললে দেশের বিমান ধরতে হতে পারে। সে কারণেই বললেন, ‘ফ্রান্সের সঙ্গে ম্যাচের আগে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’
আন্দ্রে শুরলের গোলে প্রথম উদ্যাপনের উপলক্ষ পায় জার্মানি। কষ্টার্জিত জয়ের পর শুরলে এখন তাকাতে চাইছেন সামনে, ‘কীভাবে জিতলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি। ৯০ মিনিটের ভেতরেই আমাদের জেতা উচিত ছিল, কিন্তু আলজেরিয়ানরা দারুণ খেলেছে।’
শুরলে অবশ্য মানলেন, ফ্লিক থেকে করা গোলটা খানিকটা ভাগ্যপ্রসূত ছিল, ‘মেইনজে তিন সপ্তাহ আগে আমি এ রকম গোল করেছি। আমি এটা করতে পারি, তবে ভাগ্যের ছোঁয়াও পেয়েছি।’ পরে মেসুত ওজিলের গোলে জয়টা নিশ্চিত করে ফেলে জার্মানি। অন্তিম মুহূর্তে আবদেলমুমেন জাবু আলজেরিয়ার হয়ে গোল করলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। এএফপি, গোলডটকম।
টুকিটাকি
১৯৮২ থেকে এবার পর্যন্ত টানা ৯টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল জার্মানি! সব মিলিয়ে রেকর্ড ১৬ বার।
আগের তিন বিশ্বকাপ মিলিয়ে আলজেরিয়া গোল করেছিল ৬টি, এবারই করেছে ৭টি!
এই ম্যাচের তিন গোলে ৯০ মিনিট বা তার পরে ১৫টি গোল হলো এবার। আগের রেকর্ড ছিল ২০০৬ বিশ্বকাপের ১৩ গোল।আলজেরিয়ার আবদেলামুমেন জাবুর গোলটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দেরিতে করা গোল (১২১ মিনিট),২০০৬বিশ্বকাপে ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরোর রেকর্ডের চেয়ে ৩৮ সেকেন্ড কম।

১২০ মিনিটে করা মেসুত ওজিলের গোল বিশ্বকাপ ইতিহাসে জার্মানির সবচেয়ে দেরিতে করা গোল
জার্মানির জার্সিতে সর্বশেষ ৫ প্রতিযোগিতামূলক ম্যাচে ৫ গোল করলেন আন্দ্রে শুরলে।