এভাবে থেকে আবার কুস্তি!

জাতীয় জুনিয়র কুস্তি খেলতে প্রথমবার ঢাকায় এসেছে আরিফ মিয়া, বাঁধন দাস, মেহেদি হাসানরা। রংপুর জেলা ক্রীড়া সংস্থার কুস্তিগিরেরা উঠেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো ভবনের তৃতীয় তলায়।
জীবনের প্রথম ‘রাজধানী দর্শনের’ অভিজ্ঞতা মোটেও সুখকর হচ্ছে না এসব কুস্তিগিরের। রংপুরের ২৩ খেলোয়াড়কে গাদাগাদি করে থাকতে হচ্ছে ছয়জনের কক্ষে। পাশের কক্ষেও একই অবস্থা। পাঁচজনের থাকার ব্যবস্থা থাকলেও সেখানে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরের ১৮ জন। কেউ মেঝেতে শুধু বিছানার চাদর বিছিয়ে ঘুমাচ্ছে। কেউ ঘুমাতে না পেরে বসে ঝিমাচ্ছে। হঠাৎ কক্ষগুলোয় ঢুকলে মনে হতে পারে, ‘জেলখানায় চলে এলাম না তো!’
রংপুরের কোচ নজরুল ইসলাম দুঃখ করে বলছিলেন, ‘আমরা যখন নব্বইয়ের দশকে খেলেছি, এত সমস্যা ছিল না। এভাবে চলতে থাকলে খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলবে। ভবিষ্যতে এদের আনতে পারব না।’
১২ ঘণ্টা বাসভ্রমণ করে কাল ঢাকায় এসেছে খেলোয়াড়েরা। ভ্রমণক্লান্তি লেগে আছে চোখেমুখে। একটুখানি বিশ্রামের জন্য সবার মাঝেই হাপিত্যেশ। এমন খারাপের মধ্যেও ভালো একটা খবর, গত তিন দিন বন্ধ থাকার পর এনএসসিতে পানি সরবরাহ আবার শুরু হয়েছে। সামার ওপেন ব্যাডমিন্টনের খেলোয়াড় ও বিচারকদের পানির কষ্ট বড় ভুগিয়েছে।
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু জাতীয় জুনিয়র কুস্তি। ১৬টি ওজন শ্রেণীতে অংশ নিচ্ছে ১৪০ জন খেলোয়াড়। এদের মধ্যে মহিলা খেলোয়াড়েরা আছে হ্যান্ডবল স্টেডিয়ামের ডরমিটরিতে। গণকক্ষের বাইরে বাকিদের রাখা হয়েছে নবাবপুর ও ফকিরেরপুলের নিম্নমানের হোটেলে।
আবাসনব্যবস্থার ভয়াবহ অবস্থার কথা তুলতেই অসহায় শোনাল ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমানের কণ্ঠ, ‘খুব খারাপ লাগে এসব দেখে। কিন্তু কী করব? গত জুলাইয়ে এনএসসি মাত্র ২০টি সিট বরাদ্দ দিয়েছিল এই প্রতিযোগিতার জন্য। বাধ্য হয়ে খেলার সূচি বদলাতে হয়। এবারও চিঠি দিয়েছিলাম সিট বাড়ানোর জন্য। কিন্তু হকি স্টেডিয়ামের রুমগুলো তালা মেরে রেখে দিয়েছে, আমাদের দেয়নি। ফেডারেশনে অত টাকাও নেই যে সবাইকে হোটেলে রাখব।’
গত আসরে কমলাপুর স্টেডিয়ামে থাকার ব্যবস্থা হয়েছিল। এবার সেটিও হয়নি। কারণ কমলাপুরে চলছে শেখ জামাল ধানমন্ডি ফুটবল একাডেমির আবাসিক ক্যাম্প। জাতীয় ক্রীড়া পরিষদের কক্ষগুলো প্রশিক্ষণ ও টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দেরই বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু এনএসসির অনেক কক্ষ ‘দখল’ করে আছেন ফোরাম (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা) নেতারা। এনএসসির চতুর্থ তলায় কক্ষ আছে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের। শীতাতপনিয়ন্ত্রিত ও মাদুর বিছানো পরিপাটি ওই কক্ষ। তৃতীয় তলায় রাজসিক থাকার ব্যবস্থা সাইক্লিং ও ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান ও মহিউদ্দিন আহমেদের। বঙ্গবন্ধু ও ভলিবল স্টেডিয়ামেও তাঁদের নামে কক্ষ বরাদ্দ আছে।
এমন সংগঠকদের জন্যই গণকক্ষে এমন গাদাগাদি করে থাকতে হয় খেলোয়াড়দের!