এভাবে যেতে হলো এক ক্রিকেটারকে!
তাঁর একটা বিশেষ গুণ ছিল। ড্রেসিংরুম মাতিয়ে রাখতেন। সতীর্থদের সঙ্গে কখনো ঝগড়া হতে দেখেনি কেউ। সদা হাস্যময়, অমায়িক এক ক্রিকেটার ছিলেন কুন্তল চন্দ। বন্ধু ও কাছের মানুষ ডাকত পাপন বলে। হাসিখুশি এ তরুণটি আর নেই। সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না-ফেরার দেশে। আততায়ীর হাতে খুন হয়েছেন টাঙ্গাইলের এই তরুণ। গতকাল সকাল আটটার দিকে তুরাগের ধউর এলাকার বেড়িবাঁধ থেকে কুন্তলের লাশ উদ্ধার করে পুলিশ।ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। আশরাফুল-রাজিন-বিকাশদের সঙ্গে খেলেছেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। উইকেটের পেছনে তাঁর পারফরম্যান্স ছিল দারুণ। কিন্তু যোগ্য পৃষ্ঠপোষণা না পাওয়ায় প্রতিশ্রুতিকে দিতে পারেননি পরিণতি। জায়গা করে নিতে পারেননি জাতীয় দলে। জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন চট্টগ্রাম ও সিলেট বিভাগের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন কলাবাগান, আবাহনীর হয়ে। তবে সর্বশেষ তাঁর চুক্তি ছিল বাংলাদেশ বিমানের সঙ্গে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অবশ্য খুব বেশি সাফল্য পাননি। মাত্র ৩ ম্যাচ খেলে ৫ ইনিংসে করেছেন ১৩২ রান। সর্বোচ্চ ৭১। ফিল্ডার হিসেবে আলাদা খ্যাতি ছিল তাঁর। ক্যাচ ফসকেছেন কমই। কিন্তু ঘাতকের নির্মম থাবায় জীবনটাকেই হাত থেকে ফেলে দিতে হলো কুন্তলকে!