এভাবেও গোল হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ সেপ্টেম্বরের আগে ও পরে। নরওয়ের ফুটবলার জন স্যামুয়েলসেনের জীবনটাকে দুই ভাগে ভাগ করে ফেলা যায়। ছিলেন অখ্যাত একজন। কিন্তু ২৫ সেপ্টেম্বর তাঁকে বানিয়ে দিয়েছে ‘বিখ্যাত’। ইউটিউবে কয়েক হাজার বার খোঁজা হয়েছে তাঁর নাম লিখে। শুধু তা-ই নয়, বিশ্ব রেকর্ডের পাতাতেও হয়তো উঠে যাবে তাঁর নাম!কী করেছেন স্যামুয়েলসেন? হেডে ৫৭.৩ মিটার (প্রায় ১৮৮ ফুট) দূর থেকে করেছেন গোল! বলা হচ্ছে, পেশাদার ফুটবলে এটাই সবচেয়ে দূর থেকে হেডে করা গোল। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের রেকর্ডের স্বীকৃতি পেতে গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তাঁর ক্লাব ওড গ্রেনল্যান্ড।গত রোববার নরওয়ের প্রথম বিভাগে ট্রমসয়ের বিপক্ষে গ্রেনল্যান্ডের ম্যাচে ট্রমসয়ের কর্নারের সময় গোলপোস্ট ছেড়ে উঠে এসেছিলেন তাদের গোলরক্ষক। গ্রেনল্যান্ডের এক খেলোয়াড় বল ক্লিয়ার করার পর অর্ধরেখার একটু ভেতর থেকে হেড করে সেটা আবার গ্রেনল্যান্ডের অর্ধে পাঠিয়ে দেন ট্রমসয়ের এক ডিফেন্ডার। সেই হেড থেকে উড়ে আসা বলেই ফিরতি হেড করেন নিজেদের অর্ধে থাকা স্যামুয়েলসেন। বল উড়ে গিয়ে পড়ে ডি বক্সের একটু সামনে। ফাঁকা গোলপোস্টে গড়িয়ে গড়িয়ে ঢুকে যায় বল। গোল! ম্যাচটাও ২-১ গোলে জেতে গ্রেনল্যান্ড।এমন একটা গোলের পরও কিন্তু সামান্য কৃতিত্ব নিচ্ছেন না স্যামুয়েলসেন। বরং বলছেন, গোলটা স্রেফ ঝড়ে বক হয়ে গেছে, ‘হ্যাঁ, আমি বলতে পারতাম, এভাবে আমি গোলই করার চেষ্টা করেছি। কিন্তু সেটা মিথ্যা বলা হবে। এটা আসলে হয়ে গেছে। সত্যি বলতে কি, আমি তো খেয়ালই করিনি বল গোলের ভেতরে যাচ্ছে কিংবা ট্রমসয়ের গোলরক্ষক পোস্টে নেই।’ এএফপি।