এভাবেও ফেরা যায়!

পেলে ছিলেন সেদিন মাঠে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও। ফুটবলের দুই মহাতারকাকে দেখতে মাঠে এসেছিল প্রায় ৭৮ হাজার দর্শক। ১৯৭৭ সালে শরতের বিকেলে। নিউইয়র্ক কসমস সেদিন খেলছিল ফোর্ট লাওডারডেল স্ট্রাইকার্সের সঙ্গে। কোনো মার্কিন ফুটবল ক্লাবের ম্যাচে এর আগে-পরে কখনো এত দর্শক হয়েছে বলে জানা নেই কারও।
সেই নিউইয়র্ক কসমস আজ আবার মাঠে নামছে। কাকতালীয়ভাবে এবারও প্রতিপক্ষ ফোর্ট লাওডারডেল স্ট্রাইকার্স। মাঠে পেলে থাকবেন না, বেকেনবাওয়ারও না। হোফস্ট্রা ইউনিভার্সিটি স্টেডিয়ামে সব মিলিয়ে ১০ হাজার দর্শক হলেই খুশিতে ডগমগ হতে পারেন ক্লাবের মালিক সিমাস ও’ব্রায়েন। একি দৈন্য!
হ্যাঁ, প্রায় ৩০ বছর পর এভাবেই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে কসমস। যে ক্লাবে খেলতে এসে একসময় বেকেনবাওয়ার বলেছিলেন, ‘এখানে ড্রেসিংরুমে বসলে আমার মাঝে মাঝে মনে হয় বুঝি হলিউডে বসে আছি।’ এতটাই ঝলমল করত তখনকার কসমস। সেই ক্লাব ১৯৮৪ সালের পর আর প্রতিযোগিতামূলক ফুটবলই খেলেনি!
কারণটা আর্থিক। পেলে চলে গেলেন ১৯৭৭ সালেই। বেকেনবাওয়ার দ্বিতীয় দফায় ছিলেন ১৯৮৩ পর্যন্ত। কিন্তু তত দিনে দর্শক হারিয়ে কসমসের মাঠ খাঁ খাঁ বিরান ভূমি। ফাঁকা পড়ে থাকে স্টেডিয়াম। আর দর্শক না এলে যা হয়—লোকসানে ডুবে গেল ক্লাব। বাধ্য হয়েই ১৯৮৪ সালে উত্তর আমেরিকার সকার লিগকে বিদায় জানাল নিউইয়র্ক কসমস। পেলে-বেকেনবাওয়ারের স্মৃতি নিয়েই স্বেচ্ছানির্বাসন!
৩০ বছর পর সেই নির্বাসন থেকে কসমসকে আবারও উত্তর আমেরিকার সকার লিগে ফেরানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে মানুষটির তাঁর নাম সিমাস ও’ব্রায়েন। কয়েক বছর আগে যখন কসমসকে কিনে আবার সেটিকে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরানোর কথা প্রথম বলেছিলেন, তখন বন্ধুরা তাঁকে স্রেফ মারতে বাকি রেখেছিলেন। কিন্তু খেলাধুলার বিপণন ও প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ও’ব্রায়েন জানতেন কাজটা অসম্ভব কিছু না। হারানো গ্ল্যামার ফিরিয়ে আনতে শুরুতেই সম্মানসূচক সভাপতি করে আনা হলো পেলেকে। তাঁর তত্ত্বাবধানেই আবারও দল গোছানোর কাজ চলতে থাকল। ও’ব্রায়েন চেষ্টা করেছিলেন কসমসকে সরাসরি মেজর লিগ সকারেই নিয়ে যাওয়ার। কিন্তু নিউইয়র্ক থেকে এরই মধ্যে নিউইয়র্ক রেড বুলস খেলছে, নতুন সুযোগ পেয়েছে ম্যানচেস্টার সিটির মালিকানাধীন নিউইয়র্ক ইয়াঙ্কিস। মেজর লিগে দলের সংখ্যা না বাড়ালে আপাতত আর সুযোগ নেই কসমসের। তার আগ পর্যন্ত খেলতে হবে নর্থ আমেরিকান সকার লিগেই।
কিন্তু ৩০ বছর পর নতুন করে শুরু করার জন্য সেটাই বা কম কিসে। এভাবেই বা ফিরতে পারে কয়টি ক্লাব?
আবেগঘন এই প্রত্যাবর্তন স্বচক্ষে দেখতে এরই মধ্যে নিউইয়র্কে হাজির ফুটবলসম্রাট পেলেও! এএফপি।