এভারটনে বধ ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েইন রুনিদের টানা চতুর্থ শিরোপা জয়ের মিশন কাল বড়সড় একটা ধাক্কা খেল। ধাক্কা দিল তাঁরই পুরোনো ক্লাব এভারটন। ডেভিড ময়েজের দল ৩-১ গোলে হারিয়ে দিয়েছে অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডকে।এভারটনের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল ম্যানইউই। ১৬ মিনিটেই ম্যানইউকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন দিমিতার বারবেতভ। তবে মিনিট তিনেক পর গোলটি শোধ করে দেন এভারটনের রুশ মিডফিল্ডার বিলায়ালেতদিনোভ। এরপর দু দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও বিরতি পর্যন্ত গোল আর হয়নি। নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধেও ম্যানইউকে চেপে ধরে এভারটন। এর ফলও পেয়ে যায় তারা। ম্যানইউকে হতাশায় ডুবিয়ে দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে এভারটনকে এগিয়ে দেন ড্যান গসলিং। রুনি-ওয়েনরা অনেক চেষ্টা করেও এই গোল আর শোধ দিতে পারেননি। উল্টো ৯০ মিনিটে ম্যানইউর শেষ পেরেকটি ঠুকে দেন জ্যাক রডওয়েল। এএফপি। পরাজয়ের পরও অবশ্য দ্বিতীয় স্থানে ম্যানইউ। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। উলভারহাম্পটনের সঙ্গে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা চেলসি রাতের ম্যাচে জিতে থাকলে পয়েন্ট ব্যবধানটা বেড়ে যাবে।