এভারটনে শেষ সিটির স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশার প্রদীপটা জ্বলছিল টিমটিম করে। কিন্তু কালই সেটা নিভে গেছে। এভারটনের কাছে ২-০ গোলে হেরে বসেছে ম্যানচেস্টার সিটি। আর কাল ম্যানচেস্টার ইউনাইটেড রিডিংয়ের বিপক্ষে জিতে থাকলে সিটির চেয়ে তারা এগিয়ে যাবে ১৫ পয়েন্টে। ম্যাচ বাকি মাত্র ৯টি। শিরোপার আশা রবার্তো মানচিনি বিসর্জনই দিতে পারেন। ম্যান সিটিকে দুর্দান্তভাবে হারিয়ে এভারটন উঠে গেল পাঁচে।অথচ এভারটনকে বাগেই পেয়েছিল সিটি। ৬০ মিনিটে মৌসুমে দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটন মিডফিল্ডার স্টিভেন পিয়েনার। তার আগেই অবশ্য এভারটন এগিয়ে গিয়েছিল ১-০ গোলে। ৩২ মিনিটে লিয়ন অসম্যান ২৫ গজি শটে গোল করে হতভম্বই করে দেন সিটিকে। বিরতির পর সিটি অবশ্য দারুণভাবে চেপে বসেছিল ১০ জনের এভারটনের ওপর। কিন্তু গোল পাওয়া দূরে থাক, ম্যাচের একেবারে অন্তিম সময়ে গোল করে বদলি নিকিতা জেলাভিচ সিটির কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি। অন্য ম্যাচে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে সোয়ানসিকে। সাউদাম্পটনের কাছে লিভারপুল হেরে গেছে ৩-১ গোলে। এএফপি ও ওয়েবসাইট।