এভারটনের দিকে তাকিয়ে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ লিগের সবচেয়ে পুরোনো ডার্বির নাম মার্সিসাইড। মার্সি নদীতীরের দুই দল লিভারপুল-এভারটনের দ্বৈরথ সব সময়ই অন্য রকম উত্তাপ ছড়ায়। অথচ কী অদ্ভুত, ২৪ বছরের শিরোপা-খরা দূর করতে আজ নগরপ্রতিদ্বন্দ্বীদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে লিভারপুলকে।
ইংলিশ লিগ এখন এমন অবস্থায়, লিভারপুল-ম্যানচেস্টার সিটি-চেলসি এই তিন দলের যে কেউই জিততে পারে শিরোপা। সিটির ভাগ্যটা নিজেদের হাতেই, বাকি তিন ম্যাচ জিতলে তিন বছরের মধ্যে দুবার ঘরে তুলবে শিরোপা। সেই অভিযানের কাগজে-কলমে সবচেয়ে বড় বাধা আজ, এভারটনকে হারাতে হবে এভারটনেরই মাঠে। নিজেদের মাঠে এই মৌসুমে এভারটন মাত্র দুটি ম্যাচ হেরেছে—এই তথ্য জানিয়ে দিচ্ছে সিটির কাজ কতটা কঠিন। সিটি মিডফিল্ডার ফার্নান্দিনহো তাই বলছেন, ‘ওরা নিজেদের মাঠে সব সময়ই ভালো খেলে। ম্যাচটা হবে খুবই কঠিন।’
এভারটন আজ সিটির পয়েন্ট কাড়া মানে লাভবান হবে লিভারপুল। অন্যদিকে চেলসির সমীকরণই সবচেয়ে কঠিন, প্রার্থনা করতে হবে সিটি-লিভারপুল দুদলেরই যেন পা হড়কায়। আগামীকাল নরউইচের সঙ্গে ম্যাচের আগে গতকালই হোসে মরিনহোর দল একটা দুঃসংবাদ পেয়েছে। ১৯ এপ্রিল সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচে অভব্য আচরণের জন্য মাঠ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মরিনহোর সহকারী রুই ফারিয়া। এবার ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাঁকে। সঙ্গে ৩০ হাজার পাউন্ড জরিমানা। এএফপি।